২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসের কনসার্ট উৎসর্গ মুক্তিযোদ্ধাদের

মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করা হল স্বাধীনতা দিবসের 'বিজয় নিশান উড়ছে ওই' কনসার্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2018, 08:32 PM

Updated : 11 Oct 2022, 12:13 PM

সোমবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এই কনসার্ট আয়োজন করে।

গান, কবিতা ও সম্মেলক নৃত্যে সাজানো হয়ে এই কনসার্ট। এতে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পীদের পাশাপাশি দেশের জনপ্রিয় শিল্পীরাও অংশ নেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনায় শুরু হয় স্বাধীনতা দিবসের এই কনসার্ট। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক অনিমা রায়ের পরিচালনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশন করে রবীন্দ্রনাথ ঠাকুর 'সঙ্কোচের বিহ্বলতায়', পরে শোনায় দেশাত্মবোধক 'যায় যদি যাক প্রাণ তবুও গোলার ধান', স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান ' দুর্গম গিরি কান্তার মরু'।

অনিক বোসের পরিচালনায় নৃত্য সংগঠন স্পন্দন মঞ্চস্থ করে নৃত্যালেখ্য ‘বায়ান্ন থেকে একাত্তর’। তারা একে একে ফুটিয়ে তোলে বায়ান্নের ভাষা আন্দোলন, ছয় দফা দাবি, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধের নানা প্রেক্ষাপট।

আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম পরিবেশন করেন নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হল’, সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ কবিতাটি।

স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী তিমির নন্দী শোনান স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ‘বিজয় নিশান ওড়ছে ওই’, ‘শোনো একটি মুজিবুরের থেকে’ গান দুটি।

চন্দনা মজুমদার শোনান দেশাত্মবোধক গান ‘একবার ভেবে দেখ মন পাখি’, তারপর তিনি বেশকটি লালনগীতি গেয়ে শোনান। 

ফকির আলমগীর শোনান সৈয়দ শামসুল হকের ‘এই সূরে্যর উদয়ের পথে’ ও মুহাম্মদ সামাদের ‘মুজিব আমার স্বপ্ন সাহস’ দুটি গান।

রথীন্দ্রনাথ রায় স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’ গানির পর আরো কয়েকটি দেশাত্মবোধক গান পরিবেশন করেন। কণ্ঠশিল্পী পারভেজ শোনান ‘মা গো ভাবনা কেন’ শিরোনামের দেশাত্মবোধক গানটি।

দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করেন আবু বকর সিদ্দিক, দিতি সরকার। আবৃত্তি করেন ডালিয়া আহমেদ।

তৃতীয় পর্বে আসে ব্যান্ডদল চিরকুট। পরে একক গান নিয়ে মঞ্চে আসেন মমতাজ।

আয়োজনের ফাঁকে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকের এ আয়োজনটি আমরা মুক্তিযোদ্ধাদের নিবেদন করেছি। বাংলাদেশ সম্প্রতি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পন করেছে। স্বাধীনতার বিজয়ের সোপান বেয়ে এসেছে আরেকটি বিজয়। এ বিজয়কে আমরা ধরে রাখতে চাই।

“বঙ্গবন্ধু এনেছিলেন বাংলাদেশের স্বাধীনতা, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনেছেন অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তি। সে পথেই এগোতে চাই আমরা।”

স্বাধীনতা উৎসবের সমাপনী

সোমবার কেন্দ্রীয় শহীদ মিনার ও ধানমন্ডি রবীন্দ্র সরোবর মঞ্চে ছিল সম্মিলিত সাংস্কৃতিক জোটের ‘স্বাধীনতা উৎসব’-এর সমাপনী অনুষ্ঠান।

কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয় সঙ্গীত পরিবেশন করে আনন্দন, ভিন্নধারা, দৃষ্টি, খেলাঘর। একক সঙ্গীত পরিবেশন করেন কানন বালা সরকার, আকরামুল ইসলাম, ফাহিম হোসেন চৌধুরী, অলক দাস গুপ্ত।

দলীয় আবৃত্তি পরিবেশন করে স্বরচিত্র, স্বরকল্পন, চারুকণ্ঠ। একক আবৃত্তি করেন হাসান আরিফ, গোলাম সারোয়ার, ড. শাহাদাৎ হোসেন নিপু। শিশু সংগঠন মৈত্রী শিশুদলের পরিবেশনার পর দলীয় নৃত্য পরিবেশন করে বহ্নিশিখা, নৃত্যম। পথনাটক পরিবেশন করে আরণ্যক নাট্যদল।

রবীন্দ্র সরোবর মঞ্চে দলীয় সঙ্গীত পরিবেশন করে ক্রান্তি শিল্পীগোষ্ঠী, ওস্তাদ মোমতাজ আলী খান সঙ্গীত একাডেমি, সঙ্গীত ভবন। একক আবৃত্তি করেন সৈয়দ হাসান ইমাম, মো. আহ্কামউল্লাহ্। মন্দিরা সাংস্কৃতিক পাঠশালার পরিবেশনার পর দলীয় নৃত্য পরিবেশনায় আসে আঙ্গীকাম, নৃত্যজন।

ছায়ানটে সঙ্গীতানুষ্ঠান ও তথ্যচিত্র প্রদর্শনী

 

স্বাধীনতা দিবস উপলক্ষে ছায়ানট নিজস্ব মিলনায়তনে ছিল সঙ্গীতানুষ্ঠান ও তথ্যচিত্র প্রদর্শনী।

শুরুতেই নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা গেয়ে শোনান ‘এই তো আজ মোরা মিলেছি সব’ ও ‘আমরা মিলেছি আজকে’ গান দুটি।

এরপর সেন্টু রায় নির্মিত একাত্তরের বীরাঙ্গণাদের আত্মকথন নিয়ে তথ্যচিত্র ‘কোথায় তোমার আলোকধেনু’ প্রদর্শিত হয়। এরপর ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের শিল্পীদের সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় এ আয়োজন।

মুক্তিযুদ্ধ জাদুঘরে চলছে সপ্তাহব্যাপী উৎসব

দ্বাবিংশতিতম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরে চলছে সপ্তাহব্যাপী উৎসব। সোমবার ছিল এর পঞ্চম দিন।

সকালের পর্বে শিশু-কিশোর আনন্দানুষ্ঠানে অংশ নেয় নৃত্যজন, কল্পরেখা, ঢাকা আহছানিয়া মিশন স্কুল (মোহাম্মদপুর), দনিয়া সবুজকুঁড়ি কচিকাঁচার মেলা, আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ও বধ্যভূমির সন্তানদল।

সন্ধ্যায় যাত্রাপালা ‘আনারকলি’ পরিবেশন করে মানিকগঞ্জের লোকনাট্য গোষ্ঠী।

মিরপুর জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠ প্রাঙ্গণে বিকালে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন জল্লাদখানায় শহীদ পরিবারের সদস্যরা।

জাতীয় জাদুঘরে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার কবিতা আবৃত্তি

জাতীয় জাদুঘরে বিকালে ছিল মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার কবিতা আবৃত্তি।

কবিতা পাঠ করেন কাজী মদিনা, ভাস্বর বন্দোপাধ্যায়, কেয়া চৌধুরী, বদরুল আহসান খান, বুলবুল মহলানবীশ, গোলাম সারোয়ার, রূপা চক্রবর্তী, ডালিয়া আহমেদ, মীর বরকত, মাহিদুল ইসলাম, ঝর্ণা সরকারসহ আরো অনেকে।