পনের মিনিট নাচের জন্য পাঁচ কোটি রুপি নিচ্ছেন রণবীর
আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে ১৫ মিনিট নাচের জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন রণবীর সিং ।
গত বছর ডিসেম্বরে মুম্বাইয়ের এক জনপ্রিয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে পাঁচ মিনিট নাচের জন্য প্রিয়াঙ্কা চোপড়া পাঁচ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন ।
সাবেক এই বিশ্বসুন্দরীর আর্ন্তজাতিক খ্যাতিই হঠাৎ পারিশ্রমিক বাড়ার কারণ- এমনটাই মনে করেছিলেন ঐ অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষ।
এবার আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ)-এর উদ্বোধনী অনুষ্ঠানে পনেরো মিনিটের অনুষ্ঠানের জন্য পাঁচ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন রণবীর সিং ।
হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, আগামী ৭ এপ্রিল ১১তম আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন রণবীর ।
আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, রণবীর মাত্র ১৫ মিনিট নাচতে রাজি হয়েছেন ।
আয়োজকরা যেহেতু প্রথম থেকেই যে কোনও মূল্যের বিনিময়ে তাকে দিয়ে অনুষ্ঠান করাতে চাইছিলেন, তাই এই বিশাল অঙ্কের পারিশ্রমিকেও রাজি হয়ে গেছেন ।
‘পদ্মাবত’ চলচ্চিত্রে তার অভিনীত আলাউদ্দিন খিলজীর ‘খালি বালি’ নাচে মুগ্ধ হয়েছিল ভারতীয় দর্শক ।
এই ‘পদ্মাবত’ চলচ্চিত্রে অভিনয় প্রশংসিত হওয়ার পর থেকেই নিজের পারিশ্রমিকও বাড়িয়ে ১৩ কোটি রুপি করেছেন । তার আগে সিনেমা প্রতি রণবীর পারিশ্রমিক পেতেন ৭ থেকে ৮ কোটি রুপি।
এখন রণবীরের হাতে রয়েছে ‘সিম্বা’, ‘গুল্লি বয়’-এর মতো অনেকগুলি ছবি ।
