লুমিন-এর কণ্ঠে ‘পঁচিশে মার্চ’
পঁচিশে মার্চের কাল রাত নিয়ে গাইলেন ফিডব্যাক ব্যান্ডের ভোকাল লুমিন।
ব্যান্ডের বাইরে একক ভাবে খুব একটা গান করেনি ফিডব্যাক ব্যান্ডের লুমিন। এবার ব্যান্ডের বাইরে গানে কণ্ঠে দিলেন এই সংগীতশিল্পী। গানের শিরোনাম ‘পঁচিশে মার্চ’।
গানটি লিখেছেন দেওয়ান লালন আহমেদ, সুর করেছেন সাজেদ ফাতেমী। সংগীতায়োজন করেছেন জে আর সুমন। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানটির ভিডিও নির্মাণ করেছেন তানভির আহমেদ।
সম্প্রতি বীরাঙ্গনা টেপরি বর্মনকে নিয়ে গান লিখেছিলেন পুলিশ কর্মকর্তা দেওয়ান লালন। এবার তিনি লিখলেন ১৯৭১ সালের সেই বিভীষিকাময় পঁচিশে মার্চ নিয়ে।
গানটি প্রসঙ্গে তিনি বলেন, “মুক্তিযোদ্ধার সন্তান আমি। নিজেও মুক্তিযুদ্ধ ধারণ করি। সেই চেতনা থেকেই এ ধরনের গান লেখা। আশা করছি গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।”
এ প্রসঙ্গে লুমিন বলেন, “লালন আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু। পুলিশে কর্মরত থাকলেও থিয়েটার করা, বই লেখা, গান লেখা তাঁর দীর্ঘদিনের সাংস্কৃতিক চর্চা। তাছাড়া এটি একটি দেশের গান। গানের কথাগুলো হৃদয়স্পর্শী।”
ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও কন্ঠশিল্পী ধ্রুব গুহ বলেন, “মুক্তিযুদ্ধের সূচনালগ্নে, ১৯৭১ সালের ‘পঁচিশে মার্চ’ রাতে ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ নামের এক বর্বর সামরিক অভিযানের মধ্য দিয়ে পাকিস্তানি সামরিক বাহিনী যে গণহত্যার সূচনা করেছিল, পরবর্তী নয় মাস ধরে তা অব্যাহত ছিল বাংলাদেশের বিভিন্ন এলাকায়। সেই ‘পঁচিশে মার্চ’ নিয়ে গান।
এরকম একটি গান প্রকাশ করতে পেরে আমরা গর্বিত। ওই রাতের অগণিত শহীদসহ মুক্তিযুদ্ধের পুরো নয় মাসে প্রাণ উৎসর্গকৃত সব শহীদের স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি ‘পঁচিশে মার্চ’ গানটির মাধ্যমে।”
ধ্রুব মিউজিক স্টেশন জানায়, ২৫ মার্চ তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এই গানের ভিডিও। সেই সাথে গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট ও জিপি মিউজিকে।
