২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইমন বাজালেন ‘গিটোলিন’

গিটারের সঙ্গে ভায়োলিনের সংমিশ্রনে নতুন একটি নীরিক্ষাধর্মী ইনস্ট্রুমেন্টাল প্রকাশ করলেন ইমন চৌধুরী। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে তার এ সৃষ্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুদ্র হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2018, 05:53 PM

Updated : 19 Aug 2022, 01:47 PM

গিটারিস্ট ও সংগীত পরিচালক ইমন চৌধুরী চিরকুট ব্যান্ডের সঙ্গে গিটার বাজিয়ে জনপ্রিয়তা পেয়েছেন। তবে, ব্যান্ডের বাইরেও মাঝে মাঝে ভিন্নধর্মী যন্ত্রও বাজান তিনি। সেসব প্রকাশ করেন নিজের ইউটিউব চ্যানেলে। এবার তিনি বাজালেন গিটারের সঙ্গে ভায়োলিনের সংমিশ্রনে নতুন একটি ইনস্ট্রুমেন্টাল মিউজিক।

গিটারকেই ভায়োলিনে পরিণত করেছেন তিনি, কখনো গিটার হয়ে উঠেছে স্বতন্ত্র। এ বাজনার নাম তিনি দিয়েছেন ‘গিটোলিন’। ব্যালাডের সঙ্গে ওয়াস্টার্ন আর উপমহাদেশের ক্লাসিক সুরে স্যাড রোমান্টিক ইনস্ট্রুমেন্টালটি গত ২১ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশ করেন ইমন। দুদিন না পেরুতেই ভিডিওটি ভাইরাল হয়েছে ফেইসবুকে। এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন প্রায় ৭০ হাজার দর্শক। শেয়ার হয়েছে প্রায় ৩ হাজার।

গ্লিটজকে ইমন বললেন, “এ ধরণের কাজ আগেও হয়েছে। কিন্তু বিশ্বসংগীতে এধরণের কাজ খুব দুস্প্রাপ্য। কোনো ধরণের বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, মনের ক্ষুধাবোধ থেকেই এই মিউজিকটি করা। আমি যখন ব্যান্ডের সঙ্গেও বাজাই আমার মনে হয় আমি দেশকে কী দিচ্ছি। বিশ্বসংগীতের সঙ্গে তাল মিলিয়ে নতুন কী করতে পারছি।”

ইমন জানালেন, এর আগেও তিনি যন্ত্রসংগীতে এ ধরণের নীরিক্ষা করেছেন। বাজিয়েছেন ম্যান্ডোলিন, ব্লুজের সঙ্গে উপমহাদেশের ট্রেডিশনাল মিউজিকের সংমিশ্রন দিয়ে ‘বিবিকিং’, অ্যারাবিকের সঙ্গে রাগ-রাগীনির সংমিশ্রনেও একটি নীরিক্ষা করেছেন তিনি। এসবই পাওয়া যাচ্ছে তার ইউটিউব চ্যানেলে।

চিরকুট ব্যান্ড-এ বাজানোর পাশাপাশি ইমন নিজেই সংগীত পরিচালনা করছেন। জানালেন, বিজ্ঞাপনের জন্যই কাজ করছেন বেশি, পাশাপাশি একক গানেও সময় দিচ্ছেন তিনি।