পুরস্কৃত সেরা চার নির্মাতা
স্টার সিনেপ্লেক্স ও ব্র্যাক ইউনিভার্সিটির যৌথ আয়োজনে ‘স্টার-ব্র্যাক ইউ শর্টফিল্ম কনটেস্ট ২০১৮’-এ বিজয়ী সেরা চার তরুণ নির্মাতার হাতে পুরস্কার তুলে দেওয়া হয় বৃহস্পতিবার।
প্রতিযোগিতায় প্রথম হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী দ্বিপ রায়ের চলচ্চিত্র তমসা (দ্য ডার্কনেস) ।
যৌথভাবে দ্বিতীয় হয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির তাহমিদ রাকিব অতুলের ‘কেজ’ ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী তানজিল সুলতান খান তুর্যের ‘দ্য মাডারার’।
তৃতীয় হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী সৈয়দ সাফকাত হোসেইন গালিবের চলচ্চিত্র ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ’।
বাংলাদেশে মাদকের বিস্তার এবং প্রতিকারের ওপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত ৩ মিনিটের শর্টফিল্ম নিয়ে আয়োজন করা হয় এ প্রতিযোগিতা।
গত ২৫ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত নির্মাতারা তাদের চলচ্চিত্র প্রতিযোগিতার নির্দিষ্ট ফেইসবুক পেইজে আপলোড করেন।
এর মধ্য থেকে জুরি বোর্ডের রায় এবং ফেইসবুক ভোটিংয়ের ভিত্তিতে সেরা তিনটি চলচ্চিত্র নির্বাচন করা হয়। জুরি বোর্ডের ৯০ ভাগ এবং ফেইসবুক লাইকের পরিমান অনুযায়ী ১০ ভাগ নম্বরের ভিত্তিতে ফলাফল নির্ধারন করা হয়।
প্রতিযোগিতার জুরি বোর্ডের সদস্যরা
আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জুরি বোর্ডের সদস্যরা ও স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান।
প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার হিসেবে পেয়েছেন যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকা। সেই সাথে বিজয়ীরা পাবেন চলচ্চিত্র নির্মাণের বাস্তব অভিজ্ঞতা গ্রহণের সুযোগ, চলচ্চিত্রবিষয়ক আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণের সুযোগ এবং আকর্ষণীয় গিফ্ট হ্যাম্পার।
এই প্রতিযোগিতার সার্বিক সহযোগীতা ও পৃষ্ঠপোষকতায় রয়েছে ‘রেক্সোনা’।
রেক্সোনা নিবেদিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ব্র্যাক ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশ, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি- বাংলাদেশ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
