‘মাটির প্রজার দেশে’ মুক্তির প্রচারে আসছেন অর্ক ও সাত্যকি
২৩ মার্চ মুক্তি পেতে যাচ্ছে বিজন ইমতিয়াজ পরিচালিত চলচ্চিত্র ‘মাটির প্রজার দেশে’। চলচ্চিত্রটির প্রচারণায় ঢাকায় আসছেন ভারতের দুই জনপ্রিয় শিল্পী অর্ক মুখার্জী ও সাত্যকি ব্যানার্জী।
সারা বিশ্বের বিশটিরও বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে এবার দেশের হলে মুক্তি পেতে যাচ্ছে ‘মাটির প্রজার দেশে’। আসছে ২৩ মার্চ ঢাকার স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টারস, রাজশাহীর উপহারসহ বেশ কিছু হলে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।
২০১৬ সালে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ওই বছরেই শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতে নেয় গুপী বাঘা প্রডাকশনস লিমিটেডের ছবি ‘মাটির প্রজার দেশে’।
ছবির প্রযোজক আরিফুর রহমান জানান, সম্প্রতি এই ছবির জন্য নতুন একটি গান করেছেন ভারতের অর্ক মুখার্জী এবং কণ্ঠ দিয়েছেন সাত্যকি ব্যানার্জি। এটিই ছবির একমাত্র গান। তবে গানটি সিনেমার মূল অংশে নয় প্রমোশনে ব্যবহার হবে।
এই দিন বিকালে একটি সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তাদের।
বাংলাদেশের কোনো এক প্রত্যন্ত গ্রামে ১০ বছর বয়সী জামালের বসবাস। তার শৈশবের স্মৃতি দুঃস্মৃতিতে পরিণত হয় যখন তার বাল্যবন্ধু ও ছোটোবেলার খেলার সাথীকে হারিয়ে ফেলে।
সমাজের প্রতি জামালের ধ্যান ধারণা বদলে যায়, সে তার আশেপাশে ঘটে চলা ঘটনাবলী পর্যবেক্ষণ করতে শুরু করে এবং তার যে একটি ব্যক্তি পরিচয় থাকা দরকার, সে ব্যাপারে সচেতন হয়।
অপরদিকে, জামালের এই অনুসন্ধিৎসু মনোভাবে তার মা বিপদে পড়ে, কেননা তার মায়ের এমন এক অতীত আছে যা তিনি গোপন রাখতে বাধ্য হয়েছেন।
মাকে হারানোর ভয় থেকেই জামাল সমাজের নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নেয় এবং বুঝতে পারে সবকিছু এখনও শেষ হয়ে যায়নি। এভাবেই এগিয়েছে ছবির গল্প।
‘মাটির প্রজার দেশে’ বাংলাদেশের প্রথম ডাবিং ছাড়া চলচ্চিত্র যেখানে শতভাগ লোকেশন সাউন্ড ব্যবহার হয়েছে। শব্দগ্রহণে ছিলেন আনিস জন ও মার্ক কলম্বাস। চলচ্চিত্রের চিত্রগ্রহণ করেছেন রামশ্রেয়াস রাও এবং এন্ড্রু ওয়েসমান।
ছবির শ্যুটিং করতে সময় লেগেছে পাঁচ বছর। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, কচি খন্দকার, শিউলি আক্তার, চিন্ময়ী গুপ্তা, রমিজ রাজু, আবদুল্লাহ রানা, মনির আহমেদ শাকিল, রিকিতা নন্দিনী শিমু প্রমুখ। প্রধান শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছেন মাহমুদুর অনিন্দ্য।
