মুক্তিযুদ্ধের গল্পে ‘আমিও কি মুক্তিযোদ্ধা’
‘আমিও কি মুক্তিযোদ্ধা’ শিরোনামে মুক্তিযুদ্ধ ভিত্তিক টেলিফিল্ম নির্মাণ করছেন নির্মাতা শাহীন আহমেদ। এই টেলিফিল্মে দুই ভায়রা ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনয়শিল্পী সজল এবং আফনান মিতুল।
নাটকের গল্পে দেখা যাবে, সরকারি কর্মকর্তা সগীর স্বভাবে খুব ভীতু। তার ভায়রা ভাই কাঞ্চন সাহসী মুক্তিযোদ্ধা। কাঞ্চনের অনুরোধে মুক্তিযুদ্ধে যোগ দেয় সগীর।
কাঞ্চনের নেতৃত্বে পাক মিলিটারির বিরুদ্ধে একটি অপারেশন সফলভাবে সম্পন্ন করেন সগীর। এরকম গল্পেই নির্মিত হচ্ছে টেলিফিল্মটি।
এতে সগীরের চরিত্রে সজল ও কাঞ্চনের চরিত্রে অভিনয় করছেন আফনান মিতুল।
আফনান মিতুল গ্লিটজকে জানান, বুধবারও রাজধানীর পুরান ঢাকায় টেলিছবিটির শ্যুটিং চলছে। শ্যুটিং শেষ হবে আগামী ১৯ মার্চ।
সজল, আফনান মিতুল ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ছোটপর্দার অভিনয়শিল্পী নাদিয়া নদী, তমাল মাহবুব, তন্দ্রা, আশরাফ কবির।
টেলিছবিটি রচনা করেছেন মেজর শাহাব উদ্দিন চাকলাদার।
নাটক ছাড়াও বড়পর্দাতেও অভিনয় করছেন আফনান মিতুল ও সজল। সজল সম্প্রতি শেষ করলেন ‘হারজিৎ’ সিনেমার শ্যুটিং আর আফনান মিতুল শেষ করলেন ‘গন্তব্য’ সিনেমার শ্যুটিং। শিগগির ছবিগুলো মুক্তি পাবে বলে জানা গেছে।
