২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ বার মাদাম তুসোর জাদুঘরে মোমের কাটাপ্পা

মাদাম তুসোর ব্যাঙ্ককের জাদুঘরে গত বছরেই স্থান পেয়েছিল ‘বাহুবলী’ প্রভাসের মোমের মূর্তি ।এবার লন্ডনের মাদাম তুসোর জাদুঘরে বসতে চলেছে ‘কাটাপ্পা’ সত্যরাজের মূর্তি ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2018, 08:55 PM

Updated : 11 Oct 2022, 12:11 PM

‘বাহুবলী’র প্রথম ছবি মুক্তির পর থেকেই চলচ্চিত্রপ্রেমীদের মনে যে প্রশ্নটি প্রায় দুবছর ধরে ঘুরেছিল, ‘কাটাপ্পা নে বাহুবলী কো কিউ মারা?’ (কাটাপ্পা বাহুবলীকে কেন মারলো?)

২০১৭’র এপ্রিলে ‘বাহুবলী’ সিরিজের দ্বিতীয় এবং শেষ পর্ব ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ মুক্তি পাওয়ার পর সেই উত্তর মিলেছিল ।

‘বাহুবলী’ চলচ্চিত্রে কাটাপ্পার চরিত্রে বর্ষীয়ান তামিল অভিনেতা সত্যরাজের অভিনয় মন কেড়ে নেয় দর্শকের।

এবার কাটাপ্পার স্থান হচ্ছে লন্ডনের মাদাম তুসোর মোমের জাদুঘরে।

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে, টুইট করে সংবাদটি জানিয়েছেন, কাটাপ্পার চরিত্রাভিনেতা সত্যরাজের পুত্র শিবিরাজ ।

সংবাদপ্রকাশের পর থেকেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে । সত্যরাজই প্রথম তামিল অভিনেতা যার মোমের মূর্তির স্থান হতে চলেছে লন্ডনের মাদাম তুসোর জাদুঘরে ।

এস.এস রাজামৌলি নির্মিত ‘বাহুবলী’ চলচ্চিত্রটি আঞ্চলিকতার গন্ডী ছাড়িয়ে শুধু ভারতেই নয়, বিদেশেও উল্লেখযোগ্য জনপ্রিয়তা পায় ।

মুক্তির মাত্র ১০ দিনের মধ্যেই ১০০০ কোটি রুপির ব্যবসা করে ভারতীয় সিনেমার বক্স অফিসে নতুন রেকর্ড তৈরি করে ।

গত বছরেই ‘বাহুবলী’ প্রভাসের মোমের মূর্তি বসানো নিয়ে প্রশ্ন উঠেছিল, দক্ষিণে রজনীকান্ত বা কামাল হাসানদের মতো মহাতারকা থাকার পরও প্রভাস-এর মোমের প্রতিকৃতি স্থাপন করা হবে কেন?

শুধুমাত্র জনপ্রিয়তার নিরিখেই ভারতের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র ‘বাহুবলী’র নাম উঠে আসায়, ছবিটির কেন্দ্রীয় চরিত্র ‘বাহুবলী’ প্রভাসের মোমের মূর্তি স্থান পায় মাদাম তুসোর ব্যাঙ্ককের জাদুঘরে ।

রাজ পরিবারের জন্য সর্বদা প্রাণ দিতে প্রস্তুত সেনাপতি কাটাপ্পা’র অভিনয় স্বীকৃতি হিসেবে এবার সত্যরাজেরও মিললো এই সম্মান ।