২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে আমন্ত্রিত ‘ডুব’ এবং ফারুকী

‘ডুব’ মুক্তির পর খুব দ্রুতই নিজের পরবর্তী ছবি ‘শনিবারের বিকেল’-এর শুটিং শেষ করেছেন। চলছে চলচ্চিত্রটির পোস্ট প্রোডাকশানের কাজ। এদিকে ফারুকী চলেছেন ইতালিতে। অতিথি হয়ে সে দেশে আমন্ত্রিত হয়েছেন তিনি ও তার ‘ডুব’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2018, 04:31 PM

Updated : 08 Apr 2022, 06:02 PM

গেলো বছর ডিসেম্বরে সর্বশেষ কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিল মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চলচ্চিত্র ‘ডুব’। দুই মাস বিরতির পর ‘ডুব’ আবার তার ফেস্টিভ্যাল ভ্রমণ শুরু করেছে। মার্চ মাসের ১৯ থেকে ২৪ তারিখ পর্যন্ত ইতালির মিলানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৮তম এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকা চলচ্চিত্র উৎসব। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে আরো ১০টি ছবির সাথে প্রতিযোগিতা করতে যাচ্ছে ‘ডুব’।

‘ডুব’-এর পাশাপাশি উৎসবে প্রতিযোগিতা করছে এই বছর বার্লিনে জেনারেশন সেকশন বিজয়ী ছবি ‘দা সিন অ্যান্ড আনসিন’, ২০১৮ সালের সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল-এর ‘ওয়ার্ল্ড সিনেমা কম্পিটিশন’ বিভাগে গ্র্যান্ড জুরি প্রাইজ জেতা ‘অফ ফাদার অ্যান্ড সন্স’, গত বছর কান ফিল্ম ফেস্টিভ্যালের ‘ডিরেক্টর’স ফোরটনাইট’-এ  প্রিমিয়ার হওয়া ‘আই এম নট এ উইচ’, এই বছর নটারডেম-এ ‘ব্রাইট ফিউচার এ্যাওয়ার্ড’ জয়ী চলচ্চিত্র ‘আজোগে নাজারে’-সহ মোট দশটি চলচ্চিত্র।

উৎসবে অংশ নিতে ২০ তারিখ ইতালির মিলানের উদ্দেশ্যে রওনা হবেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।

এদিকে, এই উৎসবের বাইরেও আরো দুটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ‘ডুব’ এবং মোস্তফা সরয়ার ফারুকী-কে। ২৩ মার্চ ‘ডুব’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র মিউজিয়াম ‘ন্যাশনাল মিউজিয়াম অফ সিনেমা ইন তুরিন’-এ। এই প্রদর্শনীতে যোগ দিতে ২৩ মার্চ মিলান থেকে তুরিন যাবেন মোস্তফা সরয়ার ফারুকী।

সেখানে প্রদর্শনী শেষে তিনি একটি প্রশ্ন-উত্তর পর্বে অংশগ্রহণ করবেন।

এছাড়াও মিলান ফিল্ম স্কুল তাদের ছাত্রদের সঙ্গে মত-বিনিময়ের জন্য আমন্ত্রিত হয়েছেন  ফারুকী। মিলান ফিল্ম স্কুলে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে ২২ মার্চ।

নিজের ইতালি ভ্রমণ প্রসঙ্গে ফারুকী গ্লিটজকে বলেন, “ডুব এর জার্নি এখনও চলছে। দর্শক বিভিন্নভাবে বিভিন্ন অঞ্চলে ফিল্মটাকে এক্সপ্লোর করছে। এটা ভালো ব্যাপার। ইতালির যে ফিল্ম ফেস্টিভ্যালে ‘ডুব’ যাচ্ছে সেখানে মাত্র ১০টা ছবি প্রতিযোগিতা করছে। ছবিগুলো খুব গুরুত্বপূর্ণ ছবি। তাই এ উৎসবের অংশ হতে পারা আনন্দের।

‘ন্যাশনাল মিউজিয়াম অফ সিনেমা ইন তুরিন’ আমাকে আমন্ত্রণ জানিয়েছে এটা বাংলাদেশের সিনেমার জন্যই খুব সম্মানের। সর্বশেষ যে মিলান স্কুলে ছাত্রদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিচ্ছি তা নিয়েও আমি বেশ এক্সাইটেড। তারা যেমন আমাকে জিগেস করবে আমিও তাদের জিগেস করবো। তরুণদের কাছে গেলে আমি খুব ইনস্পায়ার্ড হই। তারাইতো আগামী দিনের ফিল্ম মেকার।”

ইরফান খান ও তিশা অভিনীত ‘ডুব’ চলচ্চিত্রটি মুক্তি পায় ২০১৭ সালের ২৭ অক্টোবর। বহুল আলোচিত চলচ্চিত্রটি একযোগে ভারত ও বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।