চীনে মুক্তি পাচ্ছে ইরফান খানের ‘হিন্দি মিডিয়াম’
আমির খান, সালমান খানের পর এবার ইরফান খান । চলতি বছরের ৪ এপ্রিল চীনে মুক্তি পাচ্ছে ইরফানের ‘হিন্দি মিডিয়াম’।
সাকেত চৌধুরি নির্মিত ২০১৭’র ব্যবসাসফল বলিউডি চলচ্চিত্র ‘হিন্দি মিডিয়াম’ চীনে মুক্তি পাচ্ছে আগামী ৪ এপ্রিল ।
এনডিটিভি সূত্রে জানা গেছে, আমির খান অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’ এবং সালমান খান অভিনীত ‘বজরাঙ্গি ভাইজান’-এর পর চলতি বছরে তৃতীয় ভারতীয় চলচ্চিত্র হিসেবে ইরফান খান অভিনীত ‘হিন্দি মিডিয়াম’ মুক্তি পাচ্ছে চীনে ।
বলিউড বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট করে সংবাদটি জানিয়েছেন ।
ভারতে ২০১৭’র মে মাসে মুক্তিপ্রাপ্ত ‘হিন্দি মিডিয়াম’ চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’ জিতেছিল । এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ইরফান খান পেয়েছিলেন শ্রেষ্ঠ অভিনেতার ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’ ।
ছবিটিতে পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার-এর অভিনয়ও দর্শকনন্দিত হয়।
চীনে আমির খানের ‘দঙ্গল’ সাফল্য লাভ করার পর, এবছর ১৯ জানুয়ারি মুক্তি পায় জায়রা ওয়াসিম এবং আমির খান অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’ । এই ছবি চীনে ২০০ কোটি রুপির উপর ব্যবসা করেছে ।
চলতি বছরের ২ মার্চ চীনে মুক্তি পায় সালমানের ‘বজরাঙ্গি ভাইজান’ । এই ছবিটিও ইতিমধ্যেই ১০০ কোটি রুপির বেশি আয় করেছে ।
এখন দেখার, ২০১৫ সালের মালয়ালাম সিনেমা ‘সল্ট ম্যাঙ্গো ট্রি’র রিমেইক সাকেত চৌধুরি পরিচালিত ‘হিন্দি মিডিয়াম’ চীনে কেমন সাড়া পায় ।
এদিকে ইরফান খান কয়েকদিন আগেই টুইট করে জানিয়েছেন, তিনি একটি ‘বিরল রোগ’-এ আক্রান্ত । যদিও তার অসুস্থতা সম্পর্কে এখনও সঠিক তথ্য কিছু জানা যায়নি ।
