২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওমর সানি আশঙ্কামুক্ত

অস্ত্রোপচার শেষে জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী এখন কিছুটা সুস্থ। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার এক ভিডিও বার্তায় নিজের সুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2018, 05:59 PM

Updated : 19 Aug 2022, 01:42 PM

ভিডিও বার্তায় ওমর সানি বলেন, “আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আপনারা দোয়া করবেন। যেন আরও সুস্থ থাকি। আরও অনেক বড় বিপদ হতে পারতো। সেটা আল্লাহপাক দেয়নি সেটা তার কাছে শুকরিয়া।

আমি তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরে আসবো এবং কাজ শুরু করবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করেছেন। আরও দোয়া করবেন। আমার দুই সন্তান আর স্ত্রীর জন্যও আপনাদের কাছ দোয়া চাই।”

হার্টে চারটি ব্লক ধরা পড়ায় চিকিৎসকের পরামর্শে গত সোমবার হঠাৎ হাসপাতালে ভর্তি হন ওমর সানি। সেদিন রাতেই তার হার্টের রক্তনালিতে তিনটি রিং পরানো হয়।

ওমর সানির ছেলে ফারদিন জানান, গতকাল মঙ্গলবার দুপুরে সিসিইউ থেকে কেবিনে আনা হয় ওমর সানিকে। রিং পরানোয় এখন শঙ্কামুক্ত তিনি। আরেকটি রিং খুব শিগগিরই পরানো হবে।

পরিচালক শেখ নজরুল ইসলামের ‘চাঁদের আলো’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে ওমর সানির। এরপর ‘কুলি’, ‘প্রেম প্রতিশোধ’, ‘দোলা’সহ বেশকিছু দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন।

মাঝখানে শারীরিক ভাবে মুটিয়ে যাওয়ায় চলচ্চিত্রে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েন তিনি।

তবে সম্প্রতি আবারও নিয়মিত হয়েছেন অভিনয়ে। ‘নোলক’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রের শ্যুটিং করছেন তিনি।