প্রকাশিত হচ্ছে আশিকুরের রবীন্দ্রসংগীত অ্যালবাম
প্রকাশিত হতে যাচ্ছে শিল্পী আশিকুর রহমানের দ্বিতীয় রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘ও আমার দেশের মাটি’। এর আগে ‘আমি ও রবীন্দ্রনাথ’ নামে তার প্রথম অ্যালবাম প্রকাশিত হয়।
নতুন অ্যালবামটি আগামী ১০ মার্চ প্রকাশিত হতে যাচ্ছে বলে শিল্পী জানিয়েছেন। এদিন রাজধানীর ক্যাফে বুকশপ দীপনপুরে অ্যালবামটির মোড়ক উন্মোচন করবেন বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী তপন মাহমুদ।
ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিতব্য এ অ্যালবামে রবীন্দ্রনাথ ঠাকুরের আটটি স্বদেশ পর্যায়ের গান থাকবে। অ্যালবামটির পরিকল্পনায় রয়েছেন শিল্পী নির্ঝর চৌধুরী এবং সংগীত পরিচালনা করেছেন রোকন ইমন।
নিজের অ্যালবাম প্রসঙ্গে শিল্পী বলেন, “আমি গানের মানুষ। অনেক ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথের গান করি। চেষ্টা করি শুদ্ধ গায়কী দিয়ে গান করার।
এখানে রবি বাবুর স্বদেশ পর্যায়ের বেশ কয়েকটি গান আছে। জানি না কতটুকু পেরেছি, চেষ্টা করেছি মাত্র। সামনে আমার মতো যারা রবীন্দ্রনাথের গান করবে তাদের জন্য সিডিটি সহায়ক হবে।”
ছোটবেলায় মায়ের কাছে গান শেখার শুরু, তারপর তিনি তালিম নিয়েছেন দেশের প্রথিতযশা অনেক সংগীতজ্ঞের কাছে। যুক্ত আছেন একাধিক গানের সংগঠনের সঙ্গে।
গান শেখার পাশাপাশি গান শেখাচ্ছেন ‘সুরবিহার’ স্কুলে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান সকলের কাছে পৌঁছে দিতে নিজেই প্রতিষ্ঠা করেছেন ‘উদয়ন’ নামের একটি সংগঠন।
