২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে একই মঞ্চে কুমার শানু ও এফ এ সুমন

টাউন ক্লাব আসাম-এর আয়োজনে আন্তর্জাতিক এই ওপেন কনসার্টে কুমার শানুর সঙ্গে এক মঞ্চে গাইবেন এফ এ সুমন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2018, 09:17 PM

Updated : 08 Apr 2022, 06:00 PM

আগামী ১০ মার্চ আসামের ডুবরীতে এক আন্তর্জাতিক কনসার্টে গাইবেন জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক এফ এ সুমন। এ কনসার্টে একই মঞ্চে অংশ নিচ্ছেন ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত গায়ক কুমার শানু।

কনসার্টে অংশগ্রহণ প্রসঙ্গে এফ এ সুমন বলেন, “আমি প্রায় সময় বাংলাদেশের বাইরে অনেক কনসার্ট করে থাকি। একেক জায়গার অনুভূতি একেক রকম।

এই প্রথমবারের মত আসামে কনসার্ট করতে যাচ্ছি। তবে ভালো লাগার বিষয় হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত গায়ক কুমার শানুর সঙ্গে একই মঞ্চে একই সাথে গান পরিবেশন করবো। ”

সম্প্রতি প্রকাশিত হয়েছে এফ এ সুমনের গান ‘জানরে তুই’ । গানটি এরইমধ্যে ইউটিউবে দুই কোটির বেশি দর্শক উপভোগ করেছেন।

এফ এ সুমন দাবি করেছেন অডিও গানে এই পরিমান শ্রোতা পাওয়া দুই বাংলার শিল্পীদের ক্ষেত্রেই একটি রেকর্ড। তিনি জানান, শুধু ইউটিউবেই নয়, এ গানটি অডিওতে আগেই শ্রোতাপ্রিয়তা পেয়েছে ।