২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লাভ এক্সপ্রেস ৩’-এর সেলিব্রেশন নাইট

ভালোবাসা দিবস উপলক্ষে ‘প্রাণ ফ্রুটো লাভ এক্সপ্রেস ৩’-এর আয়োজনে দর্শকদের পাঠানো ভালোবাসার গল্পে নির্মিত ১০টি ভালোবাসার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্পকার, নির্মাতা, কলাকুশলী ও ১০ জন কুইজ বিজয়ীকে নিয়ে সেলিব্রেশন পার্টির আয়োজন করা হয়।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2018, 08:34 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাজনুন মিজান, মিশু সাব্বির, শবনম ফারিয়া, শামীম হাসান সরকার, আশনা হাবিব ভাবনা, তামিম মৃধা, আজমেরী আশা, তাসনুভা তিশা, সানজানা রিয়া, বৃষ্টি ইসলাম প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণ বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুর রহমান, ব্র্যান্ড ম্যানেজার আশফাকুর রহমান রবিন, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব মিডিয়া সুজন মাহমুদ, পিআর প্রোডাকশনের প্রধান মাসুদুর রহমানসহ প্রাণ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরটিভির পক্ষ থেকে ছিলেন টেলিভিশনটির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিবসহ আরও অনেকে।

অভিনেতা মিশু সাব্বির ও উপস্থাপিকা ত্রীয়র উপস্থাপনায় অনুষ্ঠানটিতে দশটি গল্প নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা বলেন দুই নির্মাতা শিহাব শাহীন ও আশফাক নিপুন।

প্রাণ বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুর রহমান বলেন, “প্রতিটি মানুষের মধ্যে ভালোবাসার অনেক গল্প লুকানো থাকে। সেটি হতে পারে বাবা-মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, ভাই-বোনের ভালোবাসা, প্রেমিক-প্রেমিকার ভালোবাসা।

আবার এসব গল্পের সঙ্গে জড়িয়ে থাকে যত্ন, বিশ্বাস ও নানা ধরনের ত্যাগ। আড়ালে থাকা ভালোবাসার এসব গল্প সবার সামনে তুলে ধরতেই ছিল আমাদের এ প্রয়াস। দর্শকদের ইতিবাচক সাড়ায় আমরা অভিভূত।”

আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব বলেন, “আমাদের ইচ্ছে ছিল গৎবাঁধা ভালোবাসার গল্পের বাইরে গিয়ে কিছু কাজ উপহার দেয়া। ব্যতিক্রমী ছিল এ আয়োজন। সবার কাছে দারুণ সাড়াও পেয়েছি। যারা এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমি আরটিভির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।”

অনুষ্ঠানে সব শেষে দুটি গান পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকা লিজা।

প্রাণ-আরএফএল গ্রুপের প্রযোজনা প্রতিষ্ঠান ‘পিআর প্রোডাকশন’-এর ব্যানারে পাঁচ মিনিটের শর্টফিল্মগুলো নির্মাণ করেন শিহাব শাহীন ও আশফাক নিপুণ। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ফিল্মগুলো প্রচারিত হয় আরটিভিতে।