২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় বাংলা কনসার্টের নিবন্ধন শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2018, 08:49 PM

Updated : 08 Apr 2022, 05:59 PM

তরুণদের নেটওয়ার্ক ইয়াং বাংলা’র আয়োজনে ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয় বাংলা কনসার্ট। ঐতিহাসিক ৭ মার্চের গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে জানানোর উদ্দেশ্যেই ২০১৫ সাল থেকে আয়োজিত হচ্ছে এ কনসার্ট।

ঢাকার পাশাপাশি ‘রোড টু সেভেনথ মার্চ কনসার্ট’ শিরোনামে আজ শুক্রবার সন্ধ্যায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে সিলেটে অনুষ্ঠিত হচ্ছে এ কনসার্ট। সন্ধ্যা ছয়টা থেকে অনুষ্ঠিতব্য এ কনসার্টে অংশ নিচ্ছে ব্যান্ড মেকানিকস ও নেমেসিস। আগামী সোমবার খুলনার কনসার্টেও গাইবে তারা।

রাজধানীতে আগামী ৭ মার্চ ঢাকার আর্মি স্টেডিয়ামে মূল কনসার্টটি চলবে বেলা সোয়া ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত।

এতে অংশ নিচ্ছে ব্যান্ড পাওয়ার সার্জ, আরবোভাইরাস, শূন্য, নেমেসিস, ক্রিপটিক ফেইট, লালন, চিরকুট এবং আর্টসেল। দলগুলো নিজেদের গানের বাইরেও গাইবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান।

আয়োজকরা জানান, ইতিমধ্যেই শুরু হয়েছে কনসার্টের রেজিস্ট্রেশন কার্যক্রম। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ নিবন্ধন কার্যক্রম চলবে ৬ মার্চ পর্যন্ত।

শুধুমাত্র অনলাইনে বিনামূল্যে নিবন্ধন করে কনসার্টে আসা যাবে। নিবন্ধন করা যাবে ticket.youngbangla.org এই পেইজে।

রেজিস্ট্রেশন করতে প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদ, মুঠোফোন নম্বর এবং ই-মেইল ঠিকানা। নিবন্ধন শেষ হলে টিকিট পৌঁছে যাবে ই-মেইলে।