লালন স্মরণে শিল্পকলায় ‘সাধুসঙ্গ’
বাংলাদেশ শিল্পকলা একাডেমি তৃতীয়বারের মতো আয়োজন করেছে ‘সাধুসঙ্গ’।
লালনের দর্শন, মানবিক উপলব্ধি এবং সংগীত সাধনা আমাদের জন্য অনন্য আশীর্বাদ। ফকির লালন শাহ বেঁচে থাকা অবস্থায় ভক্তদের নিয়ে দোল পূর্ণিমা তিথিতে সাধুসঙ্গের ডাক দিতেন।
দিনটি উদযাপন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ২ মার্চ পূর্ণিমা তিথিতে তৃতীয়বারের মতো আয়োজন করেছে ‘সাধুসঙ্গ’। মরমী সাধক বাউল ফকির লালন শাহ’র স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পপ্রাঙ্গণে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬ টায়।
একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, এ আয়োজনে বাউল সংগীত পরিবেশন করবেন কুষ্টিয়ার লালন একাডেমির শিল্পী আনু ফকির, শাহাদাৎ ফকির, আব্দুল কুদ্দুস, বিধান শাহ্ ও আকলিমা ফকিরানী।
এছাড়াও বিশিষ্ট বাউল শিল্পীদের মধ্যে গান পরিবেশন করবেন গোলাপী, হামিদা পারভীন, রাজ্জাক বাউল, সমীর বাউল, শরীফ সাধু ও বাশারসহ বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাউল দল।
সবার জন্য উন্মুক্ত এই আয়োজন শেষ হবে রাত দশটায়।
