‘শুধু চলচ্চিত্রই নয়, তার মৃত্যুতে চলচ্চিত্র পরিবারেরও ক্ষতি’
শ্রীদেবীকে নিয়ে স্মৃতিচারণ করলেন তার ঘনিষ্ঠজনেরা ।
লাল শাড়িতে নববধূর সাজে চিরবিদায় জানানো হলো বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীকে । ৫৪বছর বয়সেই শেষ হয়ে গেল সুন্দরীর উপাখ্যান । মাত্র ৪বছর বয়সে যে যাত্রা শুরু হয়েছিল অবশেষে সেই পথ গিয়ে মিশলো মুম্বাইয়ের ভিলে পার্ল শ্মশানে ।
চোখের জলে তাকে চিরবিদায় জানাতে শেষযাত্রাপথের দুইধারে ভিড় করেছি লাখো লাখো মানুষ । এসেছিলেন বলিউডের সেলিব্রিটিরাও ।
অন্তিম যাত্রায় শ্রীদেবী, ছবি: রয়টার্স
অজয় দেবগন,শাহরুখ খান, রণধীর কপূর, অর্জুন রামপাল, মহেশ ভূপতি, প্রসূন জোশী,একদম শেষ সময়ে পৌঁছেছেন অমিতাভ বচ্চন।
ছিলেন সঞ্জয় লীলা বনসালি, রাজকুমার হিরানি, সুধীর মিশ্র, বিধু বিনোদ চোপড়া, রাজকুমার রাও, সস্ত্রীক শাহিদ কাপুর, আদিত্য ঠাকরে, আরবাজ খান প্রমুখ বলিউডের শিল্পী কলাকুশলীরা ।
মৃত্যুর পর দূরত্ব ভেঙে বাবা ও বোনেদের পাশেই ছিলেন সৎ ছেলে অর্জুন কাপুর । বহু সফল সিনেমার সহ-অভিনেত্রীর শবদেহ ছুঁয়ে দাঁড়িয়ে ছিলেন অনিল কাপুর। মাথার কাছে দুই মেয়েকে নিয়ে স্বামী বনি কাপুর।
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় জানানো হয় বলিউডের প্রথম ‘লেডি সুপারস্টার’কে। ভারতীয় তেরঙ্গা পতাকায় জড়িয়ে শেষযাত্রায় দেওয়া হয় গান স্যালুট।
ভারতীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ শেষ হয় শ্রীদেবীর শেষকৃত্য । শরীর চলে গেলেও রয়ে গেল তার কাজ, তার স্মৃতি ।
শ্রীদেবীর মৃত্যুতে ভেঙে পড়েছেন অমিতাভ বচ্চন, দীর্ঘদিনের সহকর্মীই শুধু নন, তিনি শ্রীদেবীর পারিবারিক বন্ধুও । শ্রীদেবীর মরদেহ মুম্বাইতে আসামাত্রই আবেগবিহ্বল হয়ে পড়েন বিগ বি।
টুইটে তিনি লেখেন, ‘ফিরে এস, শুধু ফিরে এস, ফিরে এসে সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দাও ।’
জনপ্রিয় সিনেমা ‘হিম্মতওয়ালা’র সহ অভিনেতা জিতেন্দ্র বললেন,“ শ্রীদেবী একজন উচ্চমানের অভিনেত্রী। একদিকে সৌন্দর্য অন্যদিকে মেধা, এই মিশ্রণের কারণেই শ্রীদেবী সবার চেয়ে আলাদা । কষ্ট হচ্ছে, একা লাগছে খুব ।”
মাইকেল জ্যাকসনের সঙ্গে শ্রীদেবীর চরিত্রের বেশ মিল পেয়েছেন জাভেদ জাফরি। ‘পারফরর্ম করাই শেষ কথা। যার জন্য বলি দিতে হয়েছে শৈশব। নিজের সঙ্গেই চলেছে নিজের প্রতিযোগিতা। ব্যক্তিগত জীবনে যিনি ইন্ট্রোভার্ট, পর্দায় তিনি এতটা উচ্ছ্বল কীভাবে? হয়তো ওই জীবনই তার আসল জীবন, যেটা তিনি নিজের ব্যক্তিগত জীবনে পাননি।’
অমিতাভ বচ্চন, জিতেন্দ্রর মতো শ্রীদেবীকে শেষ বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বিদ্যা বালন।
শ্রীদেবীকে 'মা' বলে ডাকতেন রানি মুখার্জী । রানিকে 'লাড়ো' বলে ডাকতেন শ্রীদেবী । স্মৃতিচারণ করতে গিয়ে রানি বলেন,“ একটা বড় ক্ষতি হয়ে গেল, শুধু চলচ্চিত্র জগতেই নয়, আমাদের এই চলচ্চিত্র পরিবারেরও ।”
দুবাই যাওয়ার আগে তাঁর আগামী ছবি 'হিচকি' দেখার প্রতিশ্রুতি দিয়েছিলেন শ্রীদেবী।
রানি বলেন,“উনি আমায় বলেছিলেন লাড়ো, আমি অবশ্যই সিনেমাটা (‘হিচকি’) দেখব। আমি বললাম হ্যাঁ মা, অবশ্যই। তৈরি হয়ে গেলেই আমি ওটা দেখাব তোমায়।”
তখনও 'হিচকি' পুরোপুরি তৈরি হয়নি। ফিল্মটা আর দেখা হল না রানির ‘মা’য়ের ।
শাহরুখ খানের সিনেমা ‘জিরো’ শ্রীদেবী অভিনীত শেষ ছবি, এবছর ডিসেম্বরে মুক্তির কথা ।
