কেমন টেলিভিশন চ্যানেল হবে ‘নাগরিক’?
সম্প্রচারে আসছে প্রয়াত জনপ্রিয় উপস্থাপক ও মেয়ার আনিসুল হকের অসমাপ্ত স্বপ্ন নাগরিক টেলিভিশন। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে চ্যানেলটি।
এ উপলক্ষে এক উদ্বোধনী আয়োজন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ‘স্বপ্ন সীমাহীন’ শিরোনামের উদ্বোধনী এই আয়োজন বঙ্গবন্ধু আন্তর্জাতিক কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত হবে সন্ধ্যা ৭টায়।
কেমন টেলিভিশন চ্যানেল হবে ‘নাগরিক’? এমন প্রশ্নের উত্তরে গ্লিটজকে টেলিভিশন চ্যানেলটির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলেন, “গতানুগতিক টেলিভিশন চ্যানেলগুলোর বাইরে ‘নাগরিক’ এর সঙ্গে সম্পর্ক থাকবে মানুষের। আমরা সম্পর্ক করতে চাই মানুষের সাথে, দর্শকের সাথে। সবাই মনে করবে চ্যানেলটি তার জীবনের গল্প বলছে, মানুষের গল্প বলছে।
আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনিসুল হকের স্বপ্ন ছিল এ চ্যানেলটি এমন একটি চ্যানেল হবে যেটি দেখে মানুষ ভাববে এটি আমার টেলিভিশন। আমরা সে চেষ্টাই করছি।”
টেলিভিশন চ্যনেলের অনুষ্ঠান মালায় বৈচিত্র রাখার প্রয়াস চালিয়েছে কর্তৃপক্ষ এমনটই বললেন বাবু।
তিনি জানান, উদ্বোধনী আয়োজনের পরপরই পর্দায় থাকবে চারটি নাগরিক ধারাবাহিক। শিহাব শাহীন পরিচালিত ‘লিপস্টিক, আনিসুল হকের রচনায় আলভী আহমেদের পরিচালনায় ‘শ্বশুর আলয় মধুর আলয়’, রেদওয়ান রনি পরিচালিত ‘ক্যান্ডি ক্রাশ’ এবং মাইনুল হাসান খোকন পরিচালিত ‘আমি তুমি সে’।
চ্যানেলটিতে পর্যায়ক্রমে আরও থাকবে সরাসরি গানের অনুষ্ঠান ‘নাগরিক ক্যাফে’, দুই বাংলার অভিনেত্রীদের অংশগ্রহণে নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বাজলো ঝুমুর তারার নূপুর’, কার্টুন সিরিয়াল ‘সুপারম্যান’ ।
এছাড়াও থাকবে স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘দেহঘড়ি’, ঝটপট রান্নার কলাকৌশল এবং বিভিন্ন অঙ্গনের সেলিব্রেটিদ্রের আড্ডার অনুষ্ঠান ‘মারিয়ার রান্নাঘর’, ভ্রমণ বিষয়ক গেইম শো ‘সোলেমান হাজারি’, অনিমেষ আইচ নির্মিত ‘জোছনাময়ী’, ফেরদৌস হাসান পরিচালিত ‘একপা দুপা’ সহ আরও নানান অনুষ্ঠান।
