২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঐন্দ্রিলার হাত ধরে ফিরছে বুলবুল আহমেদের ত্রয়ী চিত্রম

বাংলা চলচ্চিত্রের মহানায়কখ্যাত প্রয়াত বুলবুল আহমেদের প্রযোজনা প্রতিষ্ঠান ত্রয়ী চিত্রম নিয়ে নতুন করে যাত্রা শুরু করলেন তার কন্যা অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2018, 06:37 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

পিতার স্বপ্ন বাস্তবায়নে একে একে প্রামাণ্যচিত্র, বায়োগ্রাফি রচনাসহ দীর্ঘদিন পর অভিনয়ে ফিরে চালু করলেন মহানায়কের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠানটি।

ব্যবাসাফল অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের এ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নিয়মিত প্রযোজনা করবেন ঐন্দ্রিলা। ফিল্ম এন্ড মিডিয়ায় মাস্টার্স সম্পন্ন করা এ অভিনেত্রী জানালেন এ প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতে নির্মাণের জন্যও প্রস্তুতি নিচ্ছেন তিনি।

বুধবার গ্লিটজকে ঐন্দ্রিলা বলেন, “বাবার স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এটি শুরু করেছি। তার বায়োগ্রাফি রচনার সময় থেকেই আমি বেশকিছু নাটকের স্ক্রিপ্ট লিখি। স্ক্রিপ্টগুলো এখন নির্মাণের জন্য অনেকেই নিচ্ছেন। আমিও বাবার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একটি নির্মাণ করছি। তবে, তাই বলে শুধু আমার নয়, অন্যদের ভালো স্ক্রিপ্টও প্রযোজনা করবো এখান থেকে।”

‘ছোট ছোট আশা’ শিরোনামের নাটকটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ঐন্দ্রিলা। এটি পরিচালনা করছেন পৃথু রাজ। নাটকটিতে ঐন্দ্রিলার সহশিল্পী হিসেবে আছেন সজল।