২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপন্যাস ও মেগা সিরিয়াল নিয়ে মাহফুজুর রহমান

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার প্রধান মাহফুজুর রহমানের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে মেগা ধারাবাহিক ‘স্মৃতির আল্পনা আঁকি’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2018, 09:48 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

চলতি বছর একুশে বইমেলায় মিজান পাবলিশার্স প্রকাশ করেছে মাহফুজুর রহমানের প্রথম উপন্যাস ‘স্মৃতির আল্পনা আঁকি’। এ বইটি থেকে নির্মিত হচ্ছে মেগা ধারাবাহিক।

একজন হিন্দু মা, মুসলিম নাম দেয়া তার সন্তান এবং সন্তানের চাকরিদাতা প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে নিয়ে আবর্তিত হয়েছে মেগা সিরিয়ালের কাহিনি।

এই উপলক্ষে বিএফডিসি’র ৮ নং ফ্লোরে অবস্থিত এটিএন বাংলা স্টুডিওতে উপন্যাসের মোড়ক উন্মোচন এবং মেগা সিরিয়ালের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপন্যাসের মোড়ক উন্মোচন এবং মেগা সিরিয়ালের প্রিমিয়ার শো’তে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এম.পি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষ এবং লেখক নিজে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক সৌমিত্র শেখর, সুভাষ সিংহ রায়, কাজী হায়াত, রাশেক রহমান, শেখ মোঃ আসলাম এটিএন বাংলা ও এটিএন নিউজের পরিচালক, উপদেষ্টামণ্ডলী সহ মেগা সিরিয়ালের নির্মাতা, সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদসহ  বিভিন্ন ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে জানানো হয়, ‘স্মৃতির আল্পনা আঁকি’ নিয়ে মেগা সিরিয়ালের চিত্রনাট্য ও শীর্ষ পরিচালনায় রয়েছেন মুরাদ পারভেজ।

উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন মাসুদুল হাসান শাওন ও মুরাদ পারভেজ এবং চিত্রগ্রহণ ও পরিচালনা করেছেন রিন্টু পারভেজ।

মেগাসিরিয়ালটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, খালেকুজ্জামান, তাজিন আহমেদ, নিলয় আলমগীর, হিমি, কোহিনুর আলম, আরমান পারভেজ মুরাদ, আইরিন তানি, তন্দ্রা শ্রাবণ, পাভেল ইসলাম, সুস্মি আহসান, প্রাণেশ চৌধুরী প্রমুখ।