২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীদেবী-অনিলের শেষ নাচের ভিডিও ভাইরাল

দুবাইতে মোহিতের বিয়ের অনুষ্ঠানে চুটিয়ে আনন্দ করেছেন শ্রীদেবী । স্বামী বনি কাপুরের ভাই অনিল কাপুরের সাথে তার নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে গেল ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2018, 07:35 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

সুদীর্ঘ পঞ্চাশ বছরের চলচ্চিত্রজীবনে অনেক নায়কের সাথে অভিনয় করলেও দর্শক শ্রীদেবী অনিল কাপুর জুটিকে পছন্দ করেছে বেশি । ‘মিস্টার ইন্ডিয়া’, ‘লমহে’, ‘জুদাই’,‘লাডলা’ এরকম অসংখ্য সুপারহিট ছবি উপহার দিয়েছে এই জনপ্রিয় জুটি ।

মৃত্যুর আগে তাদের নাচের এই ভিডিও দেখলেও বোঝা যায় দুই চরিত্রের অদ্ভুত রসায়ন ।

হিন্দুস্তান টাইমস জানায়, দুবাইয়ে মৃত্যুর আগে ভাগ্নে মোহিতের বিয়ের অনুষ্ঠানে চুটিয়ে আনন্দ করতে দেখা গিয়েছে শ্রীদেবীকে । আত্মীয়দের সঙ্গে নাচগানও করেছেন তিনি।

‘চিটিয়া কালাইয়া রে’ গানের তালে অনিল কাপুরের সাথে তিনি যে নাচ করেছিলেন প্রকাশ্যে এসেছে সেই ভিডিওটি ।

 

বিয়ের অনুষ্ঠানের পর স্বামী বনি ও মেয়ে খুশি মুম্বাই ফিরে যান । ফিরে যান অনিল কাপুরও । শ্রীদেবীর মৃত্যুর খবর যখন অনিল কাপুরের কাছে পৌঁছয়, তখন তিনি মেয়ে সোনম কাপুরের সাথে ভারতের চন্ডীগড়ে শ্যুটিংয়ে ব্যস্ত ।

খবর শুনেই ফিরে আসেন মুম্বাই । তার বাসাতেই সমবেদনা জানাতে ভিড় করছেন বলিউডের অভিনয় শিল্পীরা ।

মঙ্গলবার রাত ১১ টা নাগাদ মুম্বাই ফিরতে পারে শ্রীদেবীর মরদেহ। তাকে রাখা থাকবে তার ‘ভাগ্য’ বাংলোতেই । বুধবার দুপুরেই শ্রীদেবীর শেষকৃত্য হতে পারে।