২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নন্দিনীর রবীন্দ্রসংগীত অ্যালবাম ‘স্বপনে গাঁথা রবে’

শিল্পী নন্দিনী হালদারের কন্ঠে প্রকাশিত হলো রবীন্দ্র সংগীতের অ্যালবাম ‘স্বপনে গাঁথা রবে’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2018, 06:47 PM

Updated : 11 Oct 2022, 12:08 PM

প্রথম রবীন্দ্র সংগীতের অ্যালবাম নিয়ে এলেন নন্দিনী। রবীন্দ্রসংগীতের বরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরীর কাছ থেকে রবীন্দ্রসংগীতে পাঠ নেয়া নন্দিনীর প্রথম অ্যালবামটি প্রকাশ করেছে জি সিরিজ।

এ উপলক্ষে গতকাল শনিবার বিকেল ৫টায় রাজধানীর বেইলি রোডের ক্যাফে থার্টি থ্রি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় অ্যালবামটির মোড়ক উন্মোচন ও জমকালো প্রকাশনা উৎসব।

অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী সাদী মোহাম্মদ। জি সিরিজ-অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব সোহরাব হোসেন, ওস্তাদ হিমাদ্রি শেখর তালুকদার এবং মাই টিভির শব্দ প্রকৌশলী পুলক বড়ুয়া।

প্রধান অতিথির বক্তব্যে সংগীতশিল্পী সাদী মোহাম্মদ বলেন, “নন্দিনীর গান শুনে সত্যি মনটা ভালো হয়ে গেল। ওর কণ্ঠে একটা আবেশ আছে। আমি কিন্তু নিজেই নিজের গানের সমালোচক। সবসময়ই আমার মনে হয় আমি আগে যে গানগুলো গেয়েছি সেটি যদি আবার নতুন করে গাই তাহলে আরো ভালো হবে।”

তিনি আরও বলেন, “এটি নন্দিনীর প্রথম অ্যালবাম হলেও, ও যতটা ভালো এবং স্বতঃস্ফূর্তভাবে গেয়েছে ততোটা বোধ হয় আমিও আমার প্রথম অ্যালবামে গাইতে পারিনি।

সাধারণত আমার মনে হয় যারা সংগীতচর্চা করেন বিশেষ করে রবীন্দ্রসংগীতের চর্চা, তাদের মন সবসময় পবিত্র থাকে এবং তারা প্রত্যেকেই পরিচ্ছন্ন মানুষ।

সেই কাতারে নতুন প্রজন্মের আরো একজন যোগ হলো।”

নিজের প্রথম একক অ্যালবাম প্রসঙ্গে নন্দিনী হালদার বলেন, “রবীন্দ্র সুরের মায়া ছোটবেলা থেকেই আমাকে খুব টানে।এই অ্যালবামটি করার পেছনে আমার ওস্তাদ হিমাদ্রী শেখর তালুকদারের আন্তরিক উৎসাহ আমাকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছে। পাশাপাশি শ্রদ্ধেয় বন্যা-দি’র স্নেহ-ভালোবাসা এবং আন্তরিক সহায়তা আমাকে সবসময় উৎসাহিত করে। সবার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞতা।”

‘স্বপনে গাঁথা রবে’ অ্যালবামের গানগুলোর যন্ত্রায়োজন ও সংগীত পরিচালনা করেছেন কলকাতার প্রখ্যাত সংগীত পরিচালক শুভায়ু সেন মজুমদার।

অ্যালবামের গানগুলি, ‘ভালোবেসে সখি নিভৃতে যতনে’, ‘আজি তোমায় আবার’, ‘ঘরেতে ভ্রমর এলো’, ‘ভালোবাসি ভালোবাসি’, ‘স্বপনে দোঁহে ছিনু’, ‘দিবস রজনী’, ‘নয়ন তোমারে’, ‘আমার প্রাণের পরে’, ‘নিশিদিন মোর পরানে’ এবং ‘তুমি যে আমারে চাও’।