শাকিবের মুখে বিজয়ের হাসি
পছন্দের ফুটবলার ম্যারাডোনা ও মেসির ১০ নম্বর জার্সি গায়ে জড়িয়ে শুক্রবার মাঠে নামেন চিত্রনায়ক শাকিব খান। ৪-১ গোলে বড় ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে গোল্ডকাপ হাতে নিয়ে মাঠ ছাড়েন এ তারকা।
বাংলাদেশ ফিল্ম ক্লাবের বার্ষিক বনভোজনের অংশ হিসেবে আশুলিয়ার তুরাগ ক্রিয়েশন ওয়ার্ল্ডে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
এতে ক্লাবের সদস্যরা লাল ও হলুদ- দুই দলে ভাগ হয়ে মাঠে নামে। লাল দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন শাকিব।তার দলে ছিলেন অমিত হাসান, আলেকজান্ডার বো, প্রযোজক ইকবালসহ আরও অনেকে।
নির্ধারিত ৩০ মিনিটের এই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। খেলা গড়ায় টাইব্রেকারে। লাল দলের গোলরক্ষক আলেকজান্ডারবো’র দারুণ নৈপুণ্যে হলুদ দলকে ৪-১ গোলে পরাজিত করে লাল দল।
খেলার শেষে লাল দলের অধিনায়ক শাকিব খানের হাতে গোল্ডকাপ তুলে দেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম.মোজাম্মেল হক।
