২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচ্ছেদের অপেক্ষা বাড়ল শাকিব-অপুর

২২ ফেব্রুয়ারি তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের বিচ্ছেদ কার্যকরের খবর বিভিন্ন গণমাধ্যমে এলেও সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, আগামী ১২ মার্চ পর্যন্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে তাদের।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2018, 05:40 PM

Updated : 08 Apr 2022, 05:57 PM

সিটি কর্পোরেশনের অঞ্চল ৩-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত হোসেন বৃহস্পতিবার গ্লিটজকে জানান, ১২ মার্চ নির্ধারিত হবে দু’জনের বিচ্ছেদের সিদ্ধান্তটি।

গত বছরের ২২ নভেম্বর অপু বিশ্বাসের ঠিকানায় তালাকনামা পাঠিয়েছেন শাকিব খান। তালাকনামা পাওয়ার পর থেকেই এ বিচ্ছেদ ‘মানেন না’ বলে দাবি করে আসছিলেন অপু বিশ্বাস।

সম্প্রতি অপু বিশ্বাস নিজের সিদ্ধান্ত থেকে সরে এসে গণমাধ্যমকে জানিয়েছেন, বিচ্ছেদের সিদ্ধান্ত তিনি মেনে নিয়েছেন।

সেকারণে ১২ ফেব্রুয়ারি সিটি কর্পোরেশনে ডাকা দ্বিতীয় সালিশে অনুপস্থিত ছিলেন অপু বিশ্বাস। এর আগে ১৫ জানুয়ারি ডাকা প্রথম সালিশে অপু উপস্থিত থাকলেও শাকিব ছিলেন না।

বিচ্ছেদ কার্যকরের পরে তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের ভরণ-পোষণের যাবতীয় দায়িত্ব নেবেন শাকিব।

তার আইনজীবী বলেন, “উনি ছেলের মঙ্গলের জন্য সবকিছুই করবেন। প্রতিমাসে এক লক্ষ টাকা দিয়ে যাচ্ছেন ছেলের ভরণ-পোষনের জন্য। আরও যখন যা টাকা লাগে শাকিব তা দেবেন।”

শাকিব-অপুর বিয়ে হয় ২০০৮ সালে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় তাদের পুত্রসন্তানের জন্ম হয়। গত বছর এপ্রিলে সন্তান কোলে টেলিভিশন লাইভে এসে সেই খবর প্রকাশ করলে ঘটনা ভিন্ন দিকে মোড় নেয়। বনিবনা না হওয়ায় বিয়ের ৮ বছরের মাথায় বিচ্ছেদের পথে পা বাড়ালেন তারা।