২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার সাবা তানি’র দাফন, শুক্রবার কুলখানি

আশি-নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী সাবা তানি আর নেই। তার দাফন অনুষ্ঠিত হবে আগামীকাল।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2018, 06:53 PM

Updated : 08 Apr 2022, 05:56 PM

সংগীতশিল্পী সাবা তানি’র নামাজে জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। তার একমাত্র সন্তান লন্ডন প্রবাসী মাশায়েল আনীদ দেশের পথে রওনা হয়েছেন।

সন্তানের উপস্থিতিতেই দাফনের লক্ষে দু’দিন বিলম্ব করা হয়েছে বলে তথ্যটি গ্লিটজকে নিশ্চিত করেছেন সাবা তানির মা হাজেরা চৌধুরী।

তিনি জানান, বুধবার বাদ জোহর গুলশান অ্যাভিনিউ আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। বিকেলে টাঙ্গাইলে গোড়াই গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে সাবা তানিকে।

এছাড়া আগামী ২৩ ফেব্রুয়ারি বাদ আসর মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে গুলশান ২ এর ৬৩ নম্বর সড়কের গুলশান সোসাইটি জামে মসজিদে।

সংগীতশিল্পী সাবা তানি দীর্ঘদিন ধরে নিম্ন রক্তচাপে ভুগছিলেন। সোমবার সকালে রাজধানীর উত্তরার বাসার বাথরুমে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

সাবা তানির মৃত্যু সংবাদ শুনে অনেকেই উত্তরায় তার বাসায় ছুটে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। মা ছাড়াও তিনি এক ভাই, এক বোন ও এক ছেলে রেখে গেছেন।

আশি নব্বই দশকের পর সংগীত থেকে দূরে সরে যান সাবা তানি, যার সংগীত জগতে আসা সাবা পন্নী নামে।

অনেক দিন নিভৃতে থাকার পর এ কণ্ঠশিল্পী মাঝে ‘ক্লোজআপ ওয়ান:  তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২’ প্রতিযোগিতায় সিলেট অঞ্চলের বাছাই পর্বের বিচারক হিসেবে কাজ করেছিলেন।

এরপর ২০১৬ সালে টিভিপর্দায় বেশ কিছু অনুষ্ঠানে গাইতে দেখা গিয়েছিল তাকে।