২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম মুস্তাফার স্মৃতি সংরক্ষণে সরকারের প্রতি আহ্বান সুবর্ণার

প্রখ্যাত অভিনেতা ও আবৃত্তিকার গোলাম মুস্তাফার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুদিনে পিতার স্মৃতি সংরক্ষণে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন সুবর্ণা মুস্তাফা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুদ্র হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2018, 06:28 PM

Updated : 08 Apr 2022, 05:56 PM

জনপ্রিয় অভিনেতা ও আবৃত্তিকার গোলাম মুস্তাফা চলে গেছেন ২০০৩এর ২০ফেব্রুয়ারি । পিতার মৃত্যুদিনে প্রতিবছর মিরপুর কবরস্থানে সকালেই উপস্থিত হন কন্যা অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। মঙ্গলবারও তার ব্যতিক্রম ঘটেনি।

১৫বছর ধরেই আবৃত্তি সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত হচ্ছে ‘গোলাম মুস্তাফা স্মরণ ও একুশের প্রথম প্রহর’ শীর্ষক অনুষ্ঠান। প্রতিবছর এদিন সন্ধ্যায় অনুষ্ঠানে উপস্থিত থাকেন সুবর্ণা।

এ আয়োজনে ২০১৭ সাল থেকে প্রবর্তিত হয়েছে গোলাম মুস্তাফা স্মৃতি পদক। প্রতিবছর আবৃত্তি ও কবিতায় অবদান রাখা দশজনকে এ পদক প্রদান করা হবে। গতবছরের ধারবাহিকতায় চলতি বছরও এ ‍পদক প্রদান করা হচ্ছে।

চলতি বছর আবৃত্তিশিল্পে অবদান রাখায় সুবর্ণা মুস্তাফা পাচ্ছেন এ পদক। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় তার হাতে এ পদকটি তুলে দিবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

মৃত্যুদিনে পিতাকে স্মরণ করে সুবর্ণা মুস্তাফা বলেন, “আব্বা চলে গেছেন আজ ১৫ বছর। আমি খুবই বিশ্বাস করি আমাদের প্রগতিশীল, সৃষ্টিশীল, ক্রিয়া-কর্ম এবং ব্যক্তি প্রতিটি ক্ষেত্রেই গোলাম মুস্তাফা বিচরণ করেন।

বিশেষ করে যারা সহজ শিল্পচর্চায় যুক্ত আছেন, তাদের অনুপ্রেরণা আসলে গোলাম মুস্তাফা-ই।” 

অভিনেতা-আবৃত্তিকার গোলাম মুস্তাফার স্মৃতি সংরক্ষণে সরকার ও দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সুবর্ণা মুস্তাফা।

তিনি বলেন, “বিষয়টা এমন না যে তার কাজগুলো খুঁজে খুঁজে আমি সংগ্রহ করবো, কিন্তু আমার মনে হয় যে, তার যা আবৃত্তি আছে, যা অভিনয় আছে-নাটক আছে, চলচ্চিত্র আছে এগুলোর একটা আর্কাইভ করা উচিত।

কারণ এই মাপের মানুষ উপমহাদেশে নেই। আমার মনে হয়, কোথাও না কোথাও শিল্পী যারা আছেন, সরকার বা সংস্কৃতি মন্ত্রণালয় আছে তারা এ বিষয়ে উদ্যোগ নিতে পারেন। না হলেও কিছু যায় আসে না। গোলাম মুস্তাফা একজনই। হলে হয়তো অন্য কারো উপকার হতো।”

১৯৩৪ সালের ২ মার্চ বরিশালের দপদপিয়া গ্রামে জন্মগ্রহণ করেন গোলাম মুস্তাফা। ১৯৪৫ সালে বরিশাল অশ্বিনী কুমার টাউন হল মঞ্চে বি.ডি হাবিবুল্লাহ রচিত ‘পল্লীমঙ্গল’ নাটকে তিনি প্রথম অভিনয় করেন। পরিণত বয়েসে ষাটের দশকের শুরুতে গোলাম মুস্তাফা নাট্যাভিনয় শুরু করেন। সিনেমা ও নাটক উভয় ক্ষেত্রেই তিনি পারদর্শিতা দেখিয়েছেন।

বাংলা ও উর্দু মিলে প্রায় তিনশত চলচ্চিত্রে নায়ক, সহনায়ক, খলনায়কসহ বিভিন্ন চরিত্রে অভিনয় করেন।

তার অভিনীত উল্লেখযোগ্য উর্দু চলচ্চিত্র হচ্ছে 'পীরিত না জানে রীত', 'কাজল', 'চোখাই', 'চান্দা', 'তালাশ'। বাংলা চলচ্চিত্রের মধ্যে রয়েছে 'আলিবাবা চল্লিশ চোর', 'রাজধানীর বুকে', 'নিজেকে হারায়ে খুঁজি', 'রক্তাক্ত বাংলা', 'রূপালী সৈকতে', 'সীমানা পেরিয়ে', 'তিতাস একটি নদীর নাম', 'সূর্যসংগ্রাম', 'পদ্মা নদীর মাঝি', 'এমিলের গোয়েন্দা বাহিনী', 'শুভদা', 'শ্রাবণ মেঘের দিন', 'ধীরে বহে মেঘনা', 'চন্দ্রনাথ', 'দেবদাস' ইত্যাদি।

টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নাটকে অভিনয় করেন গোলাম মুস্তাফা। বাংলাদেশে আবৃত্তিশিল্পের বিকাশে তিনি ছিলেন পুরোধা ব্যক্তিত্ব ও পথ প্রদর্শক।