ক্রিকেট নিয়েই ফিরছেন শ্রাবণ্য
মা হওয়ার পর নতুন করে কাজে ফিরছেন মডেল উপস্থাপিকা ও অভিনেত্রী শ্রাবণ্য তৌহিদা।
কথা ছিলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশের উপস্থাপনা করবেন শ্রাবণ্য। কিন্তু হঠাৎ দেশ ছেড়ে পাড়ি জমালেন মালয়েশিয়া।
মা হতে চলেছেন তিনি এমন তথ্য গোপন রেখেই গত ২৭ অগাস্ট দেশ ছাড়েন তিনি। সবাইকে চমকে দিয়ে গত আট নভেম্বর পুত্র সন্তানের জন্ম দেন তিনি।
প্রায় আট মাস পর চলতি মাসে দেশে ফিরেছেন শ্রাবণ্য। ফিরেই জিটিভির ‘ক্রিকেট ম্যানিয়া’ উপস্থাপনায় ফিরলেন।
জানালেন, এখন থেকে ফের নিয়মিত দেখা যাবে তাকে টিভি পর্দায়। গ্লিটজকে বললেন, “গতকাল কামব্যাক শো করলাম জিটিভিতে। পুরোপুরি ফিট হতে আরও মাসখানেক সময় লাগবে। সামনের মাস থেকে নিয়মিত শো’গুলো করবো।”
মাতৃত্বকালীন কর্মবিরতির পর নতুন করে কাজে ফেরায় কোনো প্রতিবন্ধকতা অনুভব করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমি যখন অবসরে ছিলাম তখন আমাকে প্রচুর কাজের অফার আসতো। এখনও আসছে। আর আমি তো পুরো ফিট হয়ে যাচ্ছি। আমার বুদ্ধিমত্তা বা সৌন্দর্য কোনটাইতো কমে যায়নি, তাই আমি মনে করি না আমার ক্যারিয়ারের জন্য এটা কোনো কনফ্লিক্ট করবে।”
মার্চে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ উপস্থাপনার মধ্য দিয়ে নতুন করে উপস্থাপনায় নিয়মিত হবেন শ্রাবণ্য। নিজের নিয়মিত অনুষ্ঠানগুলোর পাশাপাশি চলবে অভিনয়-এমনটাই জানালেন গ্লিটজকে।
ছবি: শিথিল রহমান
