শিল্পী সমিতির ২৬০ সদস্যের বিরুদ্ধে অভিযোগ
সমিতির সদস্য হতে চাইলে শিল্পীদের ন্যূনতম পাঁচটি চলচ্চিত্রে অভিনয় করতে হবে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রায় ২৬০ সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। তারা আদৌ সমিতির পূর্ণ সদস্য হিসেবে থাকার যোগ্য কিনা তা পূণর্মূল্যায়ণ করা হবে বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
তিনি জানান, সমিতির সদস্য হতে চাইলে শিল্পীদের ন্যূনতম পাঁচটি চলচ্চিত্রে অভিনয় করতে হবে। কিন্তু অনেকে একটি চলচ্চিত্রে অভিনয় করেই সমিতির সদস্য হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।
তিনি বলেন, “কিছুদিনের মধ্যেই তাদের ডেকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের উত্তর চাওয়া হবে। সদুত্তর পেলে তারা সদস্য হিসেবে থাকবেন। অন্যথায় তারা ভোটাধিকার হারাবেন। তবে সহযোগী সদস্য হিসেবে সমিতিতে থাকবেন।”
নামধারী এই ধরনের শিল্পীদের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে শিল্পী সমিতির সম্মানহানি ঘটছে বলেও অভিযোগ তোলেন জায়েদ খান।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পূর্ণ সদস্যসংখ্যা ৬২৪।
