২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন ওস্তাদ বাবু রহমান

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বিশিষ্ট উচ্চাঙ্গ সংগীতশিল্পী, নজরুল গবেষক ও মুক্তিযোদ্ধা ওস্তাদ বাবু রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2018, 05:48 PM

Updated : 08 Apr 2022, 05:56 PM

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৪টায় তার মৃত্যু হয় বাবু রহমানের। খবরটি গ্লিটজকে নিশ্চিত করেছেন এ শিল্পীর শিষ্য নির্ঝর অধিকারী।

তিনি বলেন, “রাত আড়াইটার দিকে হার্ট অ্যাটাক করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। জরুরি বিভাগ থেকে সিসিইউ বিভাগে স্থানান্তরের কিছুক্ষণের মধ্যেই কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।”

বিকেল সোয়া ৫টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সর্বসাধারণ অংশ নেন। কর্মজীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ছিলেন।

রোববার সন্ধ্যা ৬টা দিকে সাভারের রেডিও কলোনীর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে জানান নির্ঝর অধিকারী।

১৯৫৩ সালের ১২ মার্চ বিক্রমপুরে জন্ম নেন তিনি। ঢাকা পশ্চিমাঞ্চল ২ নাম্বার সেক্টরে মেজর হায়দারের তত্ত্বাবধানে, আব্দুল মতিন চৌধুরী ও অধ্যক্ষ রৌফ খানের নেতৃত্বে শহীদ মাহফুজ কোম্পানীর প্লাটুন কমান্ডার হিসেবে যুদ্ধ করেন।

গানে তার হাতেখড়ি ওস্তাদ আমিনুল ইসলামের কাছে। পরে পণ্ডিত বারীণ মজুমদার, ওস্তাদ গুল মোহাম্মদ খান, ওস্তাদ আখতার সাদমানীর নিকট রাগসংগীতে তালিম নেন।

লঘু সংগীতে শেখ লুৎফর রহমান (নজরুল ও গণসংগীত), মৃণ্ময় দাশগুপ্ত, সুখেন্দু চক্রবর্তী (রবীন্দ্র) এবং অজিত রায় (গণসংগীত) ও আব্দুল লতিফের নিকট গণসংগীতে প্রশিক্ষণ গ্রহন করেন তিনি।

নজরুল বিষয়ক মাসিক পত্রিকা ‘চক্রবাক’-এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।