২০১৭ সালের শ্রেষ্ঠ নাট্য সংগঠন ‘প্রাঙ্গনেমোর’
শ্রেষ্ঠ মঞ্চ নাট্য সংগঠন হিসেবে রংধনু গ্রুপ ট্রাব অ্যাওয়ার্ড ২০১৭ পেল জনপ্রিয় নাট্যদল প্রাঙ্গনেমোর।
২০১৭ সালে থিয়েটার অঙ্গণে সৃজনশীলতা ও সবচেয়ে কর্মব্যস্ততার জন্য শ্রেষ্ঠ মঞ্চনাট্য সংগঠনের খেতাব পেলো নাট্যদল প্রাঙ্গনেমোর। ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অফ বাংলাদেশ-এর পক্ষ থেকে এ পদক প্রদান করা হয় দলটিকে।
দলের পক্ষে এ পদক গ্রহণ করেন প্রাঙ্গণেমোর-এর দল প্রধান অনন্ত হিরা।
পদক পাওয়া প্রসঙ্গে অনন্ত হিরা বলেন, “আসলে যে কোনো স্বীকৃতিই আনন্দের। আর থিয়েটারের ক্ষেত্রে এ ধরণের উদ্যোগ নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক। এ প্রাপ্তি আমাদেরকে আরো ভালো কাজের অনুপ্রেরণা দেবে।”
প্রসঙ্গত, ২০১৭ সালে প্রাঙ্গণেমোর নাট্যদল নিজস্ব ব্যবস্থাপনায় দেশে এবং দেশের বাইরে ৪৩টি নাটক মঞ্চস্থ করে। এছাড়াও বছরব্যাপী ‘প্রাঙ্গণেমোর দুই বাংলার নাট্যমেলা ২০১৭’, ‘প্রাঙ্গণেমোর নাট্যসপ্তাহ ২০১৭’, কলকাতায় ‘প্রাঙ্গণেমোর বাংলাদেশ নাট্যউৎসব ২০১৭’ নিয়ে ব্যস্ত সময় পার করেছে দলটি।
এছাড়াও খালেদ খান যুবরাজ বছরের সেরা নাটক ২০১৬ প্রদান, কলকাতায় সেমিনার আয়োজন, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক-এর প্রথম মৃত্যু বার্ষিকী পালন ছাড়াও একটি নতুন প্রযোজনা মঞ্চে এনেছে দলটি। বর্তমানে আরও একটি নতুন প্রযোজনা নিয়ে প্রস্তুতিকালীন মহড়া চালাচ্ছে তারা।
