অন্তর্জালে রাজের দুই ওয়েব সিরিজ
বাংলা ঢোলের প্রযোজনায় মোস্তফা কামাল রাজ নির্মাণ করলেন নতুন দুই ওয়েব সিরিজ ‘এ জার্নি বাই লাভ’ ও ‘ফ্রেন্ডস’।
টিভি পর্দার জনপ্রিয় আট অভিনয় শিল্পীকে নিয়ে নতুন দুই ওয়েব সিরিজ নির্মাণ করলেন নির্মাতা মোস্তফা কামাল রাজ। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাফা কবির, মিশু সাব্বির, নাদিয়া মিম, তামিম মৃধা, তাসনুভা তিশা, সৌভিক আহমেদ ও শামীম হাসান সরকার।
ওয়েব সিরিজ দু’টি প্রসঙ্গে নির্মাতা রাজ বলেন, “সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে বিনোদন মাধ্যম। ওয়েব সিরিজের প্রতি আকৃষ্ট হচ্ছেন সবাই। দুটি সুন্দর ও সুস্থধারার ওয়েব সিরিজ দেখার জন্য দর্শককে আহবান করছি।”
এ সময়ের এক জোড়া তরুণ-তরুণীর প্রেম, খুনসুটি আর প্রাত্যহিক ঘটনা নিয়ে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘এ জার্নি বাই লাভ’। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ।
ছোটপর্দার নির্মাণের পাশাপাশি নির্মাতা মোস্তফা কামাল রাজ বর্তমানে নির্মাণ করছেন তার নতুন চলচ্চিত্র 'যদি একদিন’।
