নির্মাতা ও নায়িকার বই
চলতি বছর মুক্তি পেতে যাচ্ছে আহসান সারোয়ার নির্মিত চলচ্চিত্র ‘রং ঢং’। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা সেরা যামান। একুশে গ্রন্থমেলায় একই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে চলচ্চিত্রটির নির্মাতা ও নায়িকা দু’জনেরই গ্রন্থ।
চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি লেখালেখির সঙ্গেও যুক্ত আছেন নির্মাতা আহসান সারোয়ার। গত বছর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার দুটি গল্পগ্রন্থ। চলতিবছর প্রকাশিত হয়েছে তার গল্পগ্রন্থ ‘শুধু সে থেকে যায়’।
অন্যদিকে এ নির্মাতার মুক্তি সম্ভাব্য চলচ্চিত্র ‘রং ঢং’-এর নায়িকা সেরা যামানের প্রথম উপন্যাস ‘কুহু’ প্রকাশিত হল এ বছর। বিষয়টি কাকতাল হলেও দু’জনই উপভোগ করছেন বলে জানিয়েছেন তারা।
বইমেলায় নিজের নতুন বই প্রসঙ্গে আহসান সারোয়ার বলেন, “নতুন এই বইটিতে স্থান পেয়েছে ৬টি গল্প। এগুলো হচ্ছে ‘অনিমার জন্য’, ‘পারমিতার নীল আকাশ’, ‘শুধু সে থেকে যায়’, ‘শ্রীকান্ত ও মায়াকাহিনি-পর্ব ৩’, ‘শমশের বিদ্যা’, ও ‘বাড়ি নম্বর সাতচল্লিশ’।”
‘ভিট টপ মডেল’ থেকে অভিনয়ে জড়ানো সেরা যামানের প্রথম উপন্যাস ‘কুহু’ প্রসঙ্গে তিনি বলেন, “একটি একটি করে শব্দ বসিয়ে গল্প তৈরি করতে আমার ভালো লাগে। কাছের মানুষরা আমার লেখা পছন্দ করে তারই দুঃসাহসের ফল ‘কুহু’ উপন্যাসটি।
‘কুহু’ একটি রোমাঞ্চকর প্রেমের উপন্যাস । আশা করছি, উপন্যাসটি পাঠকদের ভালো লাগবে।”
কলি প্রকাশনী থেকে প্রকাশিত বইদুটি মেলায় স্টল নং ২৬১-২৬২তে পাওয়া যাচ্ছে।
অভিনেত্রী সেরা যামান এর আগে ‘৭১ এর নিশান’ ও ‘লাল সবুজের সুর’ ছবি দুটিতে অভিনয় করেছেন।
নির্মাতা আহসান সারোয়ার জানান, চলতি বছরই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘রং ঢং’। এর আগে এ নির্মাতার শিশুতোষ চলচ্চিত্র ‘আমরা করবো জয়’ দর্শকমহলে প্রশংসিত হয়।
