প্রিয়ার গানের বিরুদ্ধে থানায় অভিযোগ
ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে প্রিয়ার ‘ভাইরাল’ হওয়া গানটি, এই মর্মে থানায় অভিযোগ জানিয়েছেন হায়দ্রাবাদের এক যুবক ।
‘উরু আদার লাভ’ ছবির গান ‘মানিকিয়া মালারইয়া’র এক ভিডিওতেই রাতারাতি বিখ্যাত হয়ে গেছেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়র ।
গোটা বিশ্বে রেকর্ড ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন দক্ষিনী এই অষ্টাদশী । তার গানের দৃশ্য নিয়ে যখন মাতামাতি করছে অধিকাংশ যুবক, তখন হায়দ্রাবাদের এক যুবক থানায় অভিযোগ জানালেন গানটির বিরুদ্ধে ।
টাইমস অব ইন্ডিয়া সূত্রে খবর, ভারতের হায়দ্রাবাদের যুবক মহম্মদ আবদুল মুকিদ খান ও তার বন্ধুরা প্রিয়া প্রকাশের হঠাৎ জনপ্রিয় এই গানটির বিরুদ্ধে অভিযোগ জানালেন হায়দ্রাবাদের ফলকনামা থানায় ।
ওই যুবক বলেছেন, “আমি ইউটিউবে ভিডিওটি দেখেছি। দেখে ভালো লেগেছে। ডাউনলোড করে নিয়েছি। বারবার দেখার পর গানের কথাগুলি বোঝার চেষ্টা করি। কিন্তু যেহেতু মালয়ালাম ভাষায় তাই প্রথমে বুঝতে পারিনি।
তারপর গুগলের ইংরেজি অনুবাদের সাহায্যে গানের কথা বুঝেছি । তখনই বুঝতে পারি এই গানটিতে ‘প্রফেট’ মহম্মদের অবমাননা করা হয়েছে। গানের কথা মুসলিম ভাবাবেগকে আঘাত করছে।”
তবে গানটির ভিডিও বা অভিনেতাদের নিয়ে কোনও অভিযোগ তিনি জানাননি । তাদের যাবতীয় অভিযোগ গানটির সংগীতায়োজকদের বিরুদ্ধে ।
বিতর্কের মধ্যেই মুক্তি পেয়েছে প্রিয়ার নতুন আরেকটি ভিডিও। প্রথমটিতে প্রেমিকের উদ্দেশ্যে চোখের ইশারাতেই অন্তর্জালে ঝড় তুলেছিলেন।
এবার চুম্বনের বুলেট বিঁধিয়ে দিয়েছেন ছবিতে তার প্রেমিকের বুকে। এ ভিডিও নিয়েও শুরু হয়েছে তুমুল আলোড়ন।
