নিশো-তিশার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাঁক’
ইউটিউবে প্রকাশ হয়েছে নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাঁক’। ছবিটিতে জুটি বেঁধে হাজির হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী আফরান নিশো ও তানজিন তিশা।
ভালোবাসা দিবস উপলক্ষে শনিবার ইউটিউবে প্রকাশিত চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মাহমুদ মাহিন। চিত্রনাট্য ও সম্পাদনা করেছেন পরিচালক নিজেই।
দুই যুবক-যুবতীর প্রেম, বিচ্ছেদ ও হৃদয়ছোঁয়া পরিণতি নিয়েই এ চলচ্চিত্রের গল্প। প্রকাশের পর থেকে ইউটিউবে দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে ‘বাঁক’।
ডেডলাইন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়া ভিডিওটিতে রয়েছে তিনটি গান। এর আগে ‘বৃষ্টি’ ও ‘বড় ভিড়’ নামের দুটি গান প্রকাশ হয় এবং বেশ সাড়া পায়। নতুন করে ছবিতে সংযোজিত হয়েছে সোহেল রাজের সুর-সংগীত ও কণ্ঠ দেওয়া ছবিটির টাইটেল ট্র্যাক। এর কথা লিখেছেন লিমন আহমেদ।
এর আগে প্রকাশ হওয়া ‘বৃষ্টি’ ও ‘বড় ভিড়’ গান দুটিতে কণ্ঠ দিয়েছেন ফাহিম ইসলাম। অম্লানের সংগীতায়োজনে গানগুলোর কথা লিখেছেন প্রসেন ও রাহুল বাঞ্জা ।
‘বাঁক’ ছবিটিতে আফরান নিশো-তানজিন তিশা ছাড়াও দেখা যাবে জনপ্রিয় অভিনেতা লুৎফর রহমান জর্জকে। তিনি হাজির হয়েছেন তানজিন তিশার বাবার চরিত্রে।
