২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোবাসার দিনে রবিঠাকুরের গান

বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘প্রেমে, প্রাণে-গানে’ শীর্ষক রবীন্দ্রসংগীত সন্ধ্যার আয়োজন করছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। এতে সংগীত পরিবেশন করবেন অভিজিৎ মজুমদার, সুকান্ত চক্রবর্তী ও সেঁজুতি বড়ুয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2018, 06:18 PM

Updated : 08 Apr 2022, 05:53 PM

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিতব্য এ আয়োজন সকলের জন্য উন্মুক্ত বলে জানিয়েছে আইজিসিসি। এতে মূলত রবিঠাকুরের প্রেমের গান পরিবেশন করবেন শিল্পীরা।

অতিথি শিল্পী অভিজিৎ মজুমদার কলকাতার একজন প্রতিষ্ঠিত রবীন্দ্র সংগীতশিল্পী। তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র সংগীতের উপর উচ্চতর ডিগ্রী অর্জন করে এখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। ভারতের অল ইন্ডিয়া রেডিও’র একজন নিয়মিত শিল্পী তিনি।

ঢাকার শিল্পী সেঁজুতি বড়ুয়া ছায়ানটে রবীন্দ্র সংগীতের শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন কয়েক বছর ধরে। তিনি ‘জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ’-এর সদস্যও।

অনুষ্ঠানের আরেক শিল্পী সুকান্ত চক্রবর্তী প্রতিভাবান তরুণ রবীন্দ্রসংগীতশিল্পীদের মধ্যে অন্যতম। তিনি ছায়ানটে শিক্ষকতা করছেন। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন ও বেতারের একজন নিয়মিত শিল্পী।