২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা অমিতাভ আর ছেলে ঋষির মজার কাণ্ড

৭৫ বছরের ছেলের ব্যবহারে বিরক্ত হয়ে তাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চান ১০২ বছরের বাবা । প্রকাশ পেল ‘১০২ নট আউট’-এর মজার টিজার ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2018, 09:00 PM

Updated : 19 Aug 2022, 01:34 PM

১০২ বছর বয়সেও বাবা অমিতাভ বচ্চন অনেক ঝলমলে স্মার্ট এবং যৌবনে পরিপূর্ণ, তুলনায় ‘মাত্র’ ৭৫-এ পৌঁছে ছেলে ঋষি কাপুর অনেক বেশি বুড়িয়ে গেছে । ছেলের এই ‘বুড়োমি’তে বিরক্ত হয়ে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে চান বাবা ।

‘১০২নট আউট’ সিনেমায় এরকমই সব কৌতুকপূর্ণ ঘটনার মধ্য দিয়ে সমাজের নিষ্ঠুর কিছু বাস্তবতাকে তুলে ধরা হয়েছে ।

ইন্ডিয়ানে এক্সপ্রেস সূত্রে খবর, ‘১০২ নট আউট’ নামের এক গুজরাটি মঞ্চসফল নাটক থেকে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন পরিচালক উমেশ শুক্লা ।

পরিচালক ছবিটি প্রসঙ্গে জানিয়েছেন, ‘এটি পিতা পুত্রের একটি অন্যরকম সম্পর্কের গল্প’ ।

শুক্রবার ছবিটির একটি টিজার প্রকাশিত হয়েছে । এক মিনিট দৈর্ঘের এই টিজারে বাবা ছেলের কাণ্ডকারখানা দেখে মজা-ই লাগে ।

টিজারের একেবারে শেষ দৃশ্যে বাবা অমিতাভ ছেলে ঋষিকে বলছেন, “আমি বোধহয় প্রথম বাবা, যে ছেলেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে রেকর্ড তৈরি করতে চলেছি।”

এই সিনেমায় ২৭ বছর পর আবার অমিতাভ এবং ঋষি একসঙ্গে কাজ করছেন। এর আগে ‘কুলি’, ‘অমর আকবর অ্যান্টনি’র মতো অনেক বিখ্যাত ছবিতে তারা একসঙ্গে অভিনয় করেছেন।

অমিতাভ বচ্চন এই প্রসঙ্গে বলেছেন, “আপনারা নতুন প্রজন্মের প্রেম দেখতেই বেশি পছন্দ করবেন, কিন্তু এই ছবিতে পিতা পুত্রের যে ভালোবাসা আপনারা দেখবেন, তাতে আপনারা হতাশ হবেন না, এটুকু বলতে পারি।”

এতদিন পর অমিতাভ’র সঙ্গে কাজ করতে পেরে খুশি ঋষি কাপুর । তিনি বললেন, “এর আগে আমরা ভাই, বন্ধু-র চরিত্রে একসঙ্গে কাজ করেছি। দর্শক আমাদের জুটি এর আগে পছন্দ করেছিল । ভিন্ন এই দুটি চরিত্রকেও ভালো ভাবে নেবে আশাকরি।”

আগামী ৪ মে মুক্তি পাবে ‘‌১০২ নট আউট’।