একুশে পদক প্রাপ্তিতে হুমায়ূন ফরীদিকে স্মরণ ও প্রতিক্রিয়া
হুমায়ূন ফরীদির একুশে পদক প্রাপ্তিতে প্রতিক্রিয়া জানিয়েছেন তার সহকর্মী তারকা শিল্পীরা।
২০১১ সালে হুমায়ূন ফরীদির ৬০তম জন্মদিনে এক বার্তায় তাকে একুশে পদক দেওয়ার দাবি জানিয়েছিলেন নন্দিত কথাশিল্পী হুমায়ুন আহমেদ।
বলেছিলেন, “আচ্ছা এই মানুষটি কি অভিনয়কলায় একটি একুশে পদক পেতে পারেন না? এই সম্মান কি তার প্রাপ্য না?”
তারই প্রায় ৭বছর পর একুশে পদকের জন্য মনোনীত করা হলো জননন্দিত অভিনেতা হুমায়ুন ফরীদিকে।
৮ ফেব্রুয়ারি সংস্কৃতি মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহকারী সচিব টি এম মুছা তালুকদার স্বাক্ষরিত ওই সংবাদবিজ্ঞপ্তিতে সরকারের এ সিদ্ধান্ত জানা গেছে।
আগামী ২০ ফেব্রুয়ারি ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এবারের প্রাপকদের সম্মানজনক একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রিয় অভিনেতা ও সহকর্মীকে মৃত্যুর এতদিন পর সরকার পুরস্কৃত করায় আনন্দের পাশাপাশি মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতি অঙ্গনের অনেকেই।
জীবিত অবস্থাতেই এ সম্মান তিনি পেতে পারতেন এমন বক্তব্যই ঘুরে ফিরে আসছে তারকাদের কথায়।
মাদারীপুরের শিল্পী নাট্যগোষ্ঠীর মাধ্যমে নাট্যচর্চায় জড়িয়ে পড়া হুমায়ূন ফরীদি বিশ্ববিদ্যালয় জীবনে এসে পুরোদমে অভিনয়ে মনোনিবেশ করেন।পরে যোগ দেনঢাকা থিয়েটারে।
মঞ্চে ‘ত্রিরত্ন’, ‘কীত্তনখোলা’, ‘মুন্তাসির ফ্যান্টাসি’, ‘কিরামত মঙ্গল’ নাটকগুলোর পরে ‘কাছের মানুষ’, ‘মোহনা’, ‘গুপ্তধন’, ‘সংশপ্তক’, ‘ভবের হাট’, ‘কোথাওকেউ নেই’ –এর মতো টিভিনাটকে অভিনয় করেন তিনি।
‘সন্ত্রাস’, ‘দহন’, ‘জয়যাত্রা’, ‘শ্যামল ছায়া’, ‘দূরত্ব’, ‘মাতৃত্ব’, ‘ভণ্ড’, ‘বিশ্বপ্রেমিক’, ‘ঘাতক’- এর মতো অনেক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
‘মাতৃত্ব’ সিনেমার জন্য ২০০৪ সালে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান হুমায়ূন ফরীদি।
চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশন নাটকের গুণী অভিনেতা হুমায়ূন ফরীদি ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি মারা যান।
