এ চলচ্চিত্রটি আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট: তানহা তাসনিয়া
শুক্রবার সারাদেশে মুক্তি পেল জাকির হোসেন রাজু পরিচালিত চলচ্চিত্র ‘ভালো থেকো’। চলচ্চিত্রটিকে নিজের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ভাবছেন এ ছবির নায়িকা তানহা তাসনিয়া।
ফেইসবুক থেকে চিত্রনায়ক নীরবের সঙ্গে পরিচয় তারপর নায়িকা হিসেবে বড়পর্দায়। নীরবের বিপরীতেই নির্মাতা রফিক শিকদারের হাত ধরে ‘ভোলা তো যায় না তারে’ চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হিসেবে ঢালিউডে আগমন তার।
নবাগতা এই নায়িকা প্রথম ছবিতেই দর্শকের কাছে গ্রহণযোগ্যতা আদায় করে নেন। যার ফলে দ্বিতীয় ছবিতেই ডাক পান শফিক হাসান পরিচালিত ‘ধুমকেতু’ চলচ্চিত্রে। চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে চুক্তিবদ্ধ হন তানহা।
ক্যারিয়ারের দ্বিতীয় ছবিতেই ঢাকাই ফিল্মের সবচেয়ে বড় হিরোকে পেয়ে যাওয়ায় রীতিমতো উড়ছিলেন তিনি।
কিন্তু হলো না, শ্যুটিংয়ে গিয়েই বদলে গেল দৃশ্যপট। পরিকল্পনা বদলে শাকিব খানের বিপরীতে চলচ্চিত্রটির আরেক নায়িকা পরী মনির চরিত্রটিকেই বেশি প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতা।
এবার তার বিপরীতে ঢালিউডের আরেক ড্যাশিং হিরো আরেফিন শুভ।
শুক্রবার সারাদেশের প্রায় ১০০টি হলে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। তানহার মতে, “এ চলচ্চিত্রটি আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। কেননা, গুণী নির্মাতা, মৌলিক গল্প আর আরেফিন শুভ’র মতো নায়ক যেখানে আছেন সেখানে চলচ্চিত্রটি নিয়ে দর্শকও সন্দেহাতীতভাবেই আগ্রহী হবেন।
পারিবারিক গল্পের এমন ছবি আমাদের ইন্ডাস্ট্রিতে খুব বেশি হয় না। এ চলচ্চিত্রটি সবাই খুব পছন্দ করবেন।”
নির্মাতা জাকির হোসেন রাজু প্রসঙ্গে তানহা বললেন, “এটা আমার জন্য অনেক বড় আশীর্বাদ যে নির্মাতা জাকির হোসেন রাজুর নির্মাণে একটি চলচ্চিত্রে অভিনয় করেছি।
এদিকে চলচ্চিত্রটির পোস্টারে দেখা যাচ্ছে নির্মাতা জাকির হোসেন রাজু আবেদন জানিয়েছেন- ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক ও রাজনৈতিক কর্মীরা এই ছবিটি দেখবেন না।’ কিন্তু কেন এমন আবেদন তা নিয়ে মুখ খুলতে নারাজ নির্মাতা।
তানহা বললেন, “এটি নিয়ে আমিও কথা বলেছি তার সঙ্গে। কিন্তু তিনি আমাকেও কিছু বলেন নি। আসলে, দর্শক তো আর নির্মাতার কথা শুনবেন না। তারা তাদের মতো সিদ্ধান্ত নিবেন।”
চলচ্চিত্রটি দেখতে শুক্রবার রাজধানীর বলাকা হলে যাবেন তানহাসহ ছবির অন্যান্য কলাকুশলীরা।
ছবিটি আজ দেশের প্রায় ১০০টি হলে মুক্তি পাচ্ছে। ছবিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, আমজাদ হোসেন, তানিন, রেবেকা, এম এ শহীদ ও একটি বিশেষ চরিত্রে আসিফ ইমরোজ।
ছবিটির সংগীত পরিচালনা করেছেন শফিক তুহিন ও কলকাতার স্যাভি। প্রযোজনায় আছে দি অভি কথাচিত্র।
