এটিএন বাংলায় ‘কুইন অব সাউথ এশিয়া’
১৬ ফেব্রুয়ারি থেকে স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলায় প্রচার শুরু হবে দক্ষিণ এশিয়ার সুন্দরীদের নিয়ে ‘সাউথ এশিয়ান বিউটি কনটেস্ট’-এর বিভিন্ন পর্ব।
অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রুমানা আফরোজ ও কুইন রহমান। এটি প্রচার হবে শুক্র ও শনিবার রাত ৮টায়।
এটিএন বাংলা, এটিএন ইভেন্টস এবং ফ্যাব কমিউনিকেশনস-এর যৌথ আয়োজনে বাংলাদেশ পাকিস্তান, ভারত, শ্রীলংকা ও নেপালের প্রতিযোগীদের নিয়ে নির্মিত হচ্ছে এ সুন্দরী প্রতিযোগিতা।
আয়োজনের অংশ হিসেবে ১৮ ও ১৯ জানুয়ারি বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে অনুষ্ঠিত হয় ‘কুইন অব সাউথ এশিয়া’র অডিশন রাউন্ড।
নাম নিবন্ধন করা কয়েক হাজার প্রতিযোগীদের মধ্যে থেকে অডিশনের মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রতিযোগীকে বাছাই করা হয়।
অডিশন কার্যক্রম উদ্বোধন করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান।
নাচ, অভিনয়, ক্যাটওয়াক বিভিন্নভাবে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে ৩০০ জন প্রতিযোগীর মধ্যে থেকে ৩০ জনকে পরবর্তী ধাপের জন্য বাছাই করা হয়।
বাছাইকৃত প্রতিযোগীদের মধ্যে থেকে বিচারকদের রায়ে নির্বাচিত হন ১৭ জন প্রতিযোগী।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অভিনেত্রী তানিয়া আহমেদ, চিত্রনায়ক ফেরদৌস, বিউটিশিয়ান ফারনাজ আলম এবং সাবেক মিস আয়ারল্যান্ড প্রিয়তি।
এই ১৬ জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় গ্রুমিং সেশন। গ্রুমিং পরিচালনা করেন ‘কুইন অব সাউথ এশিয়া’ তানিয়া আহমেদ, ফেরদৌস, ফারনাজ আলম এবং সানজিদা আরেফিন হক লুনা।
গ্রুমিং সেশনে অংশ নেওয়া প্রতিযোগীদের নিয়ে ৩১ জানুয়ারি অনু্ষ্ঠিত হয় প্রতিযোগিতার কান্ট্রি ফাইনাল। এতে বিচারকার্য পরিচালনা করেন অভিনেত্রী তানিয়া আহমেদ, চিত্রনায়ক ফেরদৌস এবং বিউটিশিয়ান ফারনাজ আলম।
কান্ট্রি ফাইনালে উত্তীর্ণ সেরা প্রতিযোগীরা নেপালে অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফাইনালে অংশ নেবেন। নেপালের কাঠমুন্ডুতে অবস্থিত ন্যাশনাল থিয়েটারে আগামী ১৭ মার্চ অনুষ্ঠিত হবে ‘কুইন অব সাউথ এশিয়া’র গ্র্যান্ড ফিনালে।
অনুষ্ঠানটি নেপাল থেকে সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।
