মানবিক অনুভূতি সম্পন্ন রোবট ইমরান
নিজের নতুন গানের মিউজিক ভিডিওতে চমক নিয়ে উপস্থিত হলেন ইমরান।
‘কল্পনাই হলো উদ্ভাবন, আপনি আজ যা কল্পনা করবেন, আগামীকাল সেটাই উদ্ভাবিত হবে’- টমাস আলভা এডিসনের এমন বিখ্যাত উক্তি ধরা পড়লো জনপ্রিয় সংগীতশিল্পী ইমরানের নতুন গানের মিউজিক ভিডিওতে।
মিউজিক ভিডিওর শুরুটাও একটা ধাঁধাঁ দিয়ে-‘এখন পর্যন্ত সব চরিত্র এবং ঘটনাই কাল্পনিক’।
তবে সে কল্পনা যে বাস্তবেও হতে দেরি নেই এমন ইঙ্গিতই পাওয়া গেলো মিউজিক ভিডিওটির চিত্রায়নে।
মানবিক অনুভূতি সম্পন্ন রোবট নির্মাণ করে সাড়া ফেলে দিয়েছেন সাফা কবির। সেই রোবটের চরিত্রেই নিজের গানে অভিনয় করলেন ইমরান।
সোমবার সন্ধ্যা ৬টায় ইউটিউবে ইমরান নিজেই উন্মুক্ত করলেন গানটি। গানটি প্রসঙ্গে ইমরান বলেন, “অসম্ভব সুন্দর একটি গান। এর ভিডিও পরিকল্পনাও বেশ ইউনিক। মডেল হিসেবে পেয়েছি সাফা কবিরের মতো জনপ্রিয় মুখকে। তাকে নিয়ে এটাই আমার প্রথম কাজ।
সাফা কবির বললেন, “এ পর্যন্ত মাত্র একটি মিউজিক ভিডিওর কাজ করেছি। সাধারণত এই কাজটি আমি করতে চাই না। তবে ইমরানের এই গানটি শোনার পর এবং ভিডিও পরিকল্পনা জানার পর আগ্রহ নিয়েই কাজটি করেছি। ভালো একটা কাজ হলো আমাদের।”
‘তুমি’ শিরোনামের নতুন এই গানটি লিখেছেন মেহেদী হাসান লিমন, সুর করেছেন নাজির মাহমুদ আর কণ্ঠের পাশাপাশি এতে সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই।
