২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নায়িকা হবার একটা অনুভূতি পেয়েছি: লিজা

নতুন গান ও তার মিউজিক ভিডিও নিয়ে এলেন লিজা। বর্ণাঢ্য আয়োজনে প্রকাশিত হলো গানটি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2018, 07:20 PM

Updated : 11 Oct 2022, 12:05 PM

কণ্ঠশিল্পী লিজার নতুন গান ‘আসমানী’। আরটিভির প্রযোজনায় প্রকাশিত হলো নতুন গানের মিউজিক ভিডিও। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন শিল্পী লিজা নিজেই, তার সঙ্গে মডেল হিসেবে এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ।

এ গানের প্রকাশ উপলক্ষে ৫ ফেব্রুয়ারি দুপুরে আরটিভি বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরিটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান ও বিভিন্ন অঙ্গনের তারকারা।

অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে নিয়মিত মিউজিক ভিডিও প্রযোজনা করবে আরটিভি। চ্যানেলটির সিইও আশিকুর রহমান বলেন, “আমার দেশ, আমাদের ছেলেমেয়েদের মেধা নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমাদের সংস্কৃতি খুবই শক্তিশালী।

ছয় ঋতুর দেশ আমাদের। এত বৈচিত্রপূর্ণ ও সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে আমাদের যা বিশ্বে অনেক দেশের নেই। আর আমাদের তরুণরা তো খুবই মেধাবী। তাই আমি ব্যক্তিগতভাবে তরুণদের উপরই সব সময় আস্থা রাখি।”

আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব বলেন, “এবারের বিশ্ব ভালোবাসা দিবসে এটা আমাদের উপহার। আরটিভি সব সময় নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছে। এটাও সেই ধারাবাকিতারই প্রয়াস।”

শফিক তুহিনের কথা ও সুরে গানটি নিয়ে আপ্লুত লিজা।

তিনি বলেন, “আসমানী গানটা আমার খুবই পছন্দের। এত সুন্দর একটা গান আমাকে দিয়েছেন শফিক তুহিন ভাই। এইজন্য তার কাছে আমার কৃতজ্ঞতা। সেই সঙ্গে আরটিভি পরিবারের এই নতুন উদ্যোগ আমাদের সংগীতাঙ্গনের জন্য খুবই ইতিবাচক ভূমিকা রাখবে।

আজকে যখন গানটি বড়পর্দায় দেখলাম তখন নিজের মধ্যে নায়িকা হবার একটা অনুভূতি পেয়েছি। আরটিভিকে ধন্যবাদ গায়িকা লিজাকে নায়িকার অনুভূতি দেবার জন্য।”

আরটিভি মিউজিক চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। এছাড়াও মিউজিক ভিডিওটি আরটিভিতেও নিয়মিত প্রচার হবে।