দুই নাট্যকর্মীর প্রেম নিয়ে ‘সংযোজন’
নাটকে হরহামেশাই জুটি বেঁধে কাজ করছেন প্রভা-নিশো। এবার তাদের দেখা যাবে থিয়েটার কর্মীর চরিত্রে।
থিয়েটারে একসঙ্গে নাটক করতে গিয়ে প্রেমে জড়ান নিশো-প্রভা। তাদের প্রেমে হঠাৎ বাধা হয়ে দাঁড়ায় এক সংযোজন। লিপি আইচের কাহিনি চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘সংযোজন’। নাটকে নিশো-প্রভার দলনেতার ভূমিকায় অভিনয় করেছেন তমালিকা কর্মকার। আছেন লাক্স তারকা সামিয়া খান। গতবছর নভেম্বরে চিত্রধারণ হয় নাটকটির।
নির্মাতা লিপি আইচ বলেন, “থিয়েটার নাট্যচর্চার শুদ্ধতম একটি মাধ্যম। থিয়েটারের প্রতি কর্মীদের একনিষ্ঠ দিকগুলো ফুটে উঠেছে নাটকটিতে। এটি আমার প্রথম নাটক। দীর্ঘ নয় বছর আমার স্বামী নির্মাতা অঞ্জন আইচের সঙ্গে নির্মাণের কাজে সহযোগিতা করেছি। এবার নিজেই নির্মাণে যুক্ত হলাম। আশা করছি দর্শকরা নাটকটি উপভোগ করবেন।”
বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে শিগগিরই প্রচারিত হবে নাটকটি।
