ছয় নির্মাতার ‘ভালোবাসার ফ্রেশ গল্প’
ভালোবাসা দিবসকে ঘিরে সপ্তাহব্যাপী ক্যাম্পেইনের আয়োজন করেছেন ফ্রেশ। ভালোবাসার ৬টি ফ্রেশ গল্প নিয়ে ৬টি টিভি নাটক প্রচার হবে এনটিভিতে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটে ফিকশনগুলো প্রচার হবে। আলফা-আই মিডিয়া প্রোডাকশন্সের ব্যানারে নির্মিত ফিকশনগুলির নির্দেশনা দিয়েছেন দেশের ৬ জন নির্মাতা।
এর মধ্যে নুরুল আলম আতিক নির্মাণ করেছেন ‘আমায় খুঁজো না’। এতে অভিনয় করেছেন অপি করিম, ভাস্বর চ্যাটার্জী।
তানিম রহমান অংশুর ‘যখন বসন্ত’ নাটকে অভিনয় করেছেন নিশো, শার্লিন। কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের ‘বি-স্বর্গ’ নাটকে অভিনয় করেছেন কলকাতার অভিনয়শিল্পী পায়েল সরকার ও রওনক হাসান।
গোলাম সোহরাব দোদুলের ‘হঠাৎ তুমি’-তে অভিনয় করেছেন তারিন, দেবদূত ঘোষ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর নির্বাহী পরিচালক আসিফ ইকবাল, সম্প্রচার সহযোগী এনটিভির অনুষ্ঠান প্রধান মোস্তফা কামাল সৈয়দ ও বিপণন প্রধান রঞ্জন দত্ত, সংগীত প্রযোজন প্রতিষ্ঠান গানচিলের সিইও জিয়া উস সোবহান এবং প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রযোজক শাহরিয়ার শাকিল।
