২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সন্তান নিয়ে রবীন্দ্রনাটকে রিচি

রবীন্দ্রনাথের ছোটগল্প ‘দিদি’ অবলম্বনে নির্মিত হলো নাটক ‘নীলমনি’। নাটকে অভিনয় করেছেন রিচি ও তার দুই সন্তান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2018, 07:30 PM

Updated : 11 Oct 2022, 12:04 PM

সুমন আনোয়ারের পরিচালনায় ‘নীলমনি’ নাটকটিতে দুই সন্তান নিয়ে অভিনয় করেছেন রিচি সোলায়মান। চলতি মাসের ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি ঢাকার অদূরে কালিয়াকৈর শ্রীফলতলি জমিদার বাড়িতে নাটকটির চিত্রায়ণ সম্পন্ন হয়েছে।

নাটকটি প্রসঙ্গে সুমন আনোয়ার বলেন, রবীন্দ্রনাথের ছোটগল্পগুলোর মধ্যে বেশ কিছু নাটক আমি দু’বার করে বানিয়েছে। এবার একটি নতুন নাটক করার ইচ্ছা ছিল। তো, রিচিই ‘দিদি’ গল্পটির নাম প্রস্তাব করলো। নাটকে রিচি তার দুই সন্তান নিয়ে অভিনয় করেছেন।”

এই প্রথম নাটকে অভিনয় করলেন ছোটপর্দার গুণী অভিনেত্রী রিচির দুই সন্তান, ছেলে রায়ান ও মেয়ে ইলমা। নাটকটি প্রসঙ্গে রিচিকে বারবার ফোন দিয়েও পাওয়া যায়নি। মুঠোফোনে তার মা জানান প্রবাস জীবনের বিরতিতে এসেছিলেন রিচি। ফিরছেন আজ রাতেই।

এদিকে নাটকটি প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে রিচি লিখেছেন, ‘একটি ভালো কাজ, দুইমাসের ছুটিতে এই একটি তৃপ্তি। ধন্যবাদ প্রিয় পরিচালক সুমন আনোয়ারকে। এ নাটকে আমাকে এবং আমার দুই ছেলে মেয়েকে অভিনয় করানো হয়েছে। তাই এ নাটক সাক্ষর হয়ে থাকলো।’

এদিকে, গল্প থেকে নাটকে রবীন্দ্রনাথের ‘দিদি’কে তুলে ধরা প্রসঙ্গে সুমন আনোয়ার আরও বলেন, “রবীন্দ্রনাথের গল্পকে আমি রবীন্দ্রনাথের মতো করেই বলতে চেয়েছি । সেই সময়টাকেই ধরতে চেষ্টা করি। এ নাটকেও চেষ্টা করেছি সেই আবহটা ধরে রাখতে।”

নাটকে রিচি ও তার দুই সন্তান ছাড়াও অভিনয় করেছেন রওনক হাসান, সুজাত শিমুল প্রমুখ।

আসছে ২৫শে বৈশাখ আরটিভিতে প্রচারের লক্ষ্যে নির্মিত হয়েছে নাটকটি।