২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চারদিনেই একশো কোটির ক্লাবে ‘পদ্মাবত’

রাজপুত করনি সেনার হুমকি এবং বিরোধের জেরে ভারতের ৪ রাজ্যে প্রদর্শন বন্ধ ‘পদ্মাবত’-এর। তা সত্ত্বেও ৪ দিনেই সিনেমাটি ব্যবসা করল ১১৪কোটি রুপি ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2018, 09:21 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশে আটকে দেওয়া হয়েছে ‘‌পদ্মাবত’‌-এর প্রদর্শন। বিহারেও আটকে আছে ছবিটির মুক্তি।

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে, ২৪ জানুয়ারির ‘পেইড প্রিভিউ শো’র একদিন পর ভারতীয় প্রজাতন্ত্র দিবসের ছুটি এবং তারপরই শনি ও রবিবারের ছুটি, একটা লম্বা উইকএন্ড পেয়েছে ‘পদ্মাবত’।

শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারেও ‘পদ্মাবত’-এর আয় নজরকাড়া ।

বলিউড বাণিজ্যবিশ্লেষক তরণ আদর্শ টুইটে জানিয়েছেন, ৪ দিনে অস্ট্রেলিয়ায় ৮.৮৮ কোটির ব্যবসা করেছে, ইংল্যান্ডে ব্যবসার পরিমাণ ৭.৫৯ কোটি এবং নিউজিল্যান্ডে এখনও পর্যন্ত ১.৫৯ কোটি রুপির ব্যবসা করেছে।

 

বিদেশে প্রথম দিনে ব্যবসার নিরিখে ‘বাহুবলী ২’ এবং ‘দঙ্গল’ সিনেমাকে পিছনে ফেলে দিয়েছে ‘‌পদ্মাবত’।

মাত্র চারদিনেই সিনেমাটির আয় ১১৪কোটি রুপিতে পৌঁছে গেছে ।

প্রযোজকদের আশা, আগামীদিনে দেশ এবং বিদেশের মাটিতে আরও দুর্দান্ত ব্যবসা করবে সিনেমাটি‌।

 

পরিচালক সঞ্জয় লীলা বনসালির ‘পদ্মাবত’-এর আগের দুটি ছবির নিরিখেও চার দিনে রেকর্ড ব্যবসা করে ফেলেছে এই ছবি।

সঞ্জয় পরিচালিত ২০১৩-য় মুক্তিপ্রাপ্ত রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোনের ‘গোলিও কী রাসলীলা-রামলীলা’ দেশে চতুর্থ দিনে ব্যবসা করেছিল প্রায় ৬১ কোটি রুপি এবং ২০১৫-তে মুক্তিপ্রাপ্ত ‘বাজিরাও মাস্তানি’ ছবিটির চতুর্থ দিনের শেষে সংগ্রহ ছিল প্রায় ৭৫ কোটি রুপি ।

‘পদ্মাবত’ দীপিকা পাড়ুকোনের সপ্তম সিনেমা যেটি একশো কোটির ক্লাবে প্রবেশ করলো । এর আগে ‘চেন্নাই এক্সপ্রেস’,‘হ্যাপি নিউ ইয়ার’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘বাজিরাও মাস্তানি’,‘রাম লীলা’ এবং ‘রেস টু’ একশো কোটির ব্যবসা করেছিল ।