বাবার ইচ্ছা পূরণ করতেই অভিনয়ে ফিরলাম: ঐন্দ্রিলা
টানা দশবছরের বিরতির পর জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা ফিরছেন ছোটপর্দায় । অপূর্বর বিপরীতে তাকে দেখা যাবে ‘সাংসারিক ভালোবাসা’ নাটকে।
অভিনয়ে ফিরেই ইতিমধ্যে পাঁচটি খণ্ডনাটকে অভিনয় করেছেন ঐন্দ্রিলা। হাতে আছে আরও তিনটি নাটক। কথা চলছে বিজ্ঞাপনেরও।
আসছে ভ্যালেন্টাইন ডে-তে মাবরুর রশীদ বান্নাহ’র পরিচালনায় অপূর্বর বিপরীতে ঐন্দ্রিলাকে দেখা যাবে ‘সাংসারিক ভালোবাসা’ নাটকে।
দীর্ঘদিন পর নাটকে ফেরা প্রসঙ্গে মহানায়কখ্যাত অভিনেতা বুলবুল আহমেদ কন্যা ঐন্দ্রিলা বলেন, “আমি বাবাকে নিয়ে একটা প্রামাণ্যচিত্র বানিয়েছিলাম। সেখানে তার শেষ কথাই ছিল- ‘আমি চাই আমার মেয়ে যেন অভিনয়টা করে ।’ সেই ইচ্ছা পূরণ করতেই অভিনয়ে ফিরলাম।
দীর্ঘদিন পর এসে খুব ভালো লাগছে। সবকিছু খুব বদলে গেছে। অনেক গতি এসেছে, প্রযুক্তি বেড়েছে। সবাই খুব আন্তরিকভাবেই আমাকে নিয়েছে।”
কেন বিরতি নিয়েছিলেন ঐন্দ্রিলা?
বই ঘর প্রকাশনী থেকে ঐন্দ্রিলার লেখনীতে প্রকাশিত হয়েছিল প্রয়াত বুলবুল আহমেদের জীবনী। বইটি প্রকাশ করতে আগ্রহী হয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।
ঐন্দ্রিলা জানান, বইটি তাকে আবার নতুন করে লিখতে হচ্ছে। অভিনয়ের ব্যস্ততার ফাঁকেই বাবাকে নিয়ে লিখতে বসছেন তিনি। কিন্তু লিখতে গেলেই অসুস্থ হয়ে পড়ছেন ।
বললেন, “আমার প্রেসার লো হয়ে যায় তাকে নিয়ে কিছু লিখতে গেলে। খুব ভালোবাসতাম তো, বেশিক্ষণ তাই স্মৃতিতে ফিরে গেলেই কষ্ট হয়।”
১৯৮৮ সাল থেকে টেলিভিশন নাটকে অভিনয় করছেন ঐন্দ্রিলা। এ পর্যন্ত প্রায় শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি।
শুধু অভিনয়ই নয় সংগীতচর্চাও চালিয়ে যাচ্ছেন নিয়মিত। গানের তালিম নিয়েছেন সঞ্জীব দে ও সাদি মহম্মদের কাছে। তিনি কত্থক ও ভরতনাট্যমেরও প্রশিক্ষণ নিয়েছেন।
সর্বশেষ, ২০০৭ সালে সজলের বিপরীতে ‘ঐখানে যেওনাকো তুমি’ নাটকে অভিনয় করেছিলেন তিনি।
