২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্ধকার বন্ধঘরে ২১দিন কেন বন্দি ছিলেন রণবীর?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন ২১দিন গৃহবন্দি অবস্থায় কী করেছিলেন তিনি ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2018, 09:33 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

রাজপুত করনি সেনার বিক্ষোভ, হিংসা, হুমকি সত্ত্বেও ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বনসালির ‘পদ্মাবত’। মুক্তির পরই বেশ কয়েকটি হিট সিনেমাকে টক্করও দিতে শুরু করেছে ।

বিশ্বজুড়ে প্রথমদিনের আয়ের নিরিখে ‘বাহুবলী টু’ বা ‘দঙ্গল’ থেকেও এগিয়ে রয়েছে।

বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ দর্শক যারাই এখনও পর্যন্ত ‘পদ্মাবত’ দেখেছেন তারা সকলেই বলেছেন এ ছবি প্রকৃতই রাজপুতদের বীরত্বগাথা। করনি সেনার আপত্তির কোনো কারণই নেই ।

‘পদ্মাবত’ দেখে বলিউডের বিশিষ্ট গীতিকার, কবি, লেখক জাভেদ আখতার বলেছেন, ‘এই প্রতিবাদ ও ক্ষোভের কোনো মানে নেই । বরং এই ছবিতে যেভাবে ভারতের ঐতিহ্য ও সংস্কারের কথা তুলে ধরা হয়েছে, তাতে ছবিটিকে স্বচ্ছন্দে অস্কারে পাঠিয়ে দেওয়া যায়। এতে ভারতের গর্ব বাড়বে।’

কিছুদিন আগেই এক টুইটে ছবির অভিনেতা রণবীর সিং বলেছিলেন ‘ছবিটির জন্য দেশ গর্ব করবে’।

অধিকাংশ দর্শকই ভীষণ উচ্ছ্বসিত ‘পদ্মাবত’-এ আলাউদ্দিন খিলজি চরিত্রে তার অভিনয় নিয়ে।

ইন্ডিয়ান এক্সপ্রেস-এ এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন কীভাবে চরিত্রটির জন্য নিজেকে তৈরি করেছিলেন ।

রণবীর বলেছেন,“আমি গোরেগাঁও-এর বাড়িতে টানা ২১দিন গৃহবন্দি ছিলাম। এসময় আমি সবকিছু থেকে বিচ্ছিন্ন থেকে পুরো সময় ধরে ওয়ার্কশপ করেছি। ধীরে ধীরে নিজেকে খিলজির মতো করে তৈরি করেছি।

 

প্রথমে কিছুতেই আমি খিলজির মতো এত লোভী, উচ্চাকাঙ্খী এক চরিত্রের সঙ্গে নিজেকে মেলাতে পারছিলাম না। এক ভয়ানক অভিজ্ঞাতা, খিলজি যেভাবে পৃথিবীটাকে দেখে আমি তো সেভাবে ভাবতেই পারি না।

ধীরে ধীরে এই চরিত্রের মধ্যে আমি প্রবেশ করেছি। তারপর শরীরচর্চা, কন্ঠস্বর হাঁটাচলা সবকিছু তৈরি করছিলাম।

যখন শেষঅব্দি শ্যুটিং শুরু হল, তখন সেটে সবকিছু বনসালির উপর ছেড়ে দিয়েছিলাম। উনি যেভাবে চরিত্রটাকে তৈরি করতে চেয়েছেন আমি সেভাবেই কাজ করেছি।

কারণ এই চরিত্রটা সম্পর্কে আমার থেকেও বেশি জানেন উনি । পুরো কৃতিত্বটা তো ওরই।”

তার নিজস্ব কিছু অত্যন্ত ব্যক্তিগত অভিজ্ঞতা, সেসব নিজের বিবেকের কাছেই গোপন রাখতে চান। কিন্তু এই আলাউদ্দিনের চরিত্রে অভিনয় করতে গিয়ে সেসব অভিজ্ঞতা স্মৃতি খুঁড়ে বের করে এনেছেন তিনি।

সঞ্জয় লীলা বনসালির স্বপ্নের এই ছবিটি তিনদিনে ৮৩কোটি রুপির ওপর আয় করেছে । চারদিনেই হয়তো ঢুকে পড়বে ১০০ কোটির ক্লাবে ।