গল ফেস্টে ‘চিরকুট’-এর সঙ্গে গাইলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক গল সাহিত্য উৎসব মাতালো জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’।
২৪ জানুয়ারি থেকে শ্রীলঙ্কায় চলছে ‘ফেয়ারওয়ে গল লিটারেরি ফেস্ট-২০১৮’। দেশি-বিদেশি স্বনামধন্য শিল্পী-সাহিতিকদের এ মিলনস্থলে গান গাইতে সারা পৃথিবী থেকে একমাত্র ব্যান্ড হিসেবে আমন্ত্রিত হয় ‘চিরকুট’।
উদ্বোধনী অনুষ্ঠানে গান গাওয়ার পাশাপাশি গত ২৭ জানুয়ারি আরেকটি কনসার্টে অংশ নেন তারা।
এ কনসার্টে হুট করে উপস্থিতি হয়ে তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনীল শ্রীয়ান বিক্রমাসিংহে। এ নিয়ে আপ্লুত ব্যান্ডের সদস্যরা।
শ্রীলঙ্কা থেকে ব্যান্ডের পক্ষ থেকে শারমিন সুলতানা সুমী গ্লিটজকে বলেন, “উদ্বোধনী অনুষ্ঠানের পর গতকালের শো’তেও সবার প্রশংসা পেয়েছি। এতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর হঠাৎ উপস্থিতি ছিল সবার জন্যই চমকে যাওয়ার মতো ব্যাপার।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনিও আমাদের সাথে বাংলা গান গাইলেন, গানের কি-ওয়ার্ডগুলোতে কণ্ঠ মিলিয়েছেন।”
সুমী আরও বলেন, “বিশ্বের ৩০টি দেশ থেকে বিভিন্ন পুরস্কার জেতা লেখক, কবি-সাহিত্যিকরা এসেছিলেন। বইমেলা, বিভিন্ন কর্মশালা সহ ইন্টারেক্টিভ সেশন ছিল। সারা বিশ্ব থেকে গুরুত্বপূর্ণ ফটোগ্রাফার ও মিউজিশিয়ানরাও এসেছিলেন।
আমরা খুব আনন্দিত দেশকে এমন একটা সম্মানজনক জায়গায় উপস্থাপন করতে পেরে।”
এই উৎসবে ‘চিরকুট’ পরিবেশন করেছে আমার ভাইয়ের রক্তে রাঙানো, ধন ধান্য পুস্পে ভরা, আহারে জীবন, মরে যাবো, খাজনা, কানামাছি, দুনিয়া, বন্ধুসহ বেশকিছু গান।
শুধু গল লিট ফেস্টই নয়, ‘চিরকুট’ এ সফরে, আজ রোববার রাতে গাইবে আরও একটি আন্তর্জাতিক উৎসবে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ছেভালঙ্কার আয়োজনে কলম্বোতে অনুষ্ঠিতব্য ‘মিউজিক অব ফোক’ উৎসবেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে এই ব্যান্ড।
