২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এটি আমাদের প্রাণের উৎসব: লীনা তাপসী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইদিন ব্যাপী সংগীত উৎসব। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের নিয়মিত শিক্ষাকার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2018, 07:23 PM

Updated : 08 Apr 2022, 05:48 PM

প্রতিবছরের মত এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হচ্ছে দুইদিনব্যাপী সংগীত উৎসব। আগামী ২৬ ও ২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য এবারের উৎসবের বিষয় ‘বাংলা গান’।

ঐতিহ্যের সাথে আধুনিকতার সম্মিলিত চর্চার মাধ্যমে বাংলা গানের সোনালি সময়কে ফিরিয়ে আনার প্রত্যয়ে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ।

উৎসব প্রসঙ্গে এ বিভাগের প্রধান ও নজরুল সংগীতশিল্পী ড. লীনা তাপসী খান বলেন, “এটি আমাদের প্রাণের উৎসব। সংগীত উৎসব প্রতিবছর আমাদের মিলনমেলা। বেশ আয়োজন করে আমরা প্রতি বছর এই উৎসব করে থাকি। প্রতিবারই চেষ্টা থাকে বিগত সময়ের চেয়ে আরো সুন্দর করে গুছিয়ে এই আয়োজন করার। এবারও সেই চেষ্টার ধারাবাহিকতা ছিল।”

দুইদিন ব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্ত্বরে। এই উৎসব উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় দু’দিন জুড়ে থাকছে মূলধারার বাংলা গান । উচ্চাঙ্গ সংগীত, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোক সংগীত ও যন্ত্রসংগীতের মনোমুগ্ধ পরিবেশনা। থাকছে আধুনিক ও চলচ্চিত্রের গানও।

উৎসবে প্রথম দিন অতিথি শিল্পী হিসেবে থাকছেন সুবীর নন্দী ও খুরশীদ আলম। দ্বিতীয় দিন থাকবেন রফিকুল আলম ও আবিদা সুলতানা।

তাছাড়া উৎসবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সংগীত বিভাগের পরিবেশনা থাকছে।

উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের ২০১৬ সনের অনার্স পরীক্ষায় প্রথম স্থানাধিকারীকে 'নীলুফার ইয়াসমীন স্মারক বৃত্তি' প্রদান করা হবে।

বিগত বছরগুলোর ধারাবাহিকতায় সংগীত বিভাগ এবার কণ্ঠশিল্পী সুবীর নন্দী, রফিকুল আলম এবং আবিদা সুলতানা, গীতিকার কবি জাহিদুল হক, সুরকার সেলিম আশরাফ, গীতিকার ও সুরকার অনুপ ভট্টাচার্য, যন্ত্রশিল্পী ফিরোজ খান এবং মনিরুজ্জমানকে তাদের কর্মের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করবে ।