কী খুঁজছে অমিতাভ’র চোখ?
পহেলা বৈশাখে মুক্তি পাবে ওয়েব সিরিজ ‘ঢাকা মেট্রো গ-৯১০৬’। শিক্ষকতার পাশাপাশি বিজ্ঞাপন নির্মাণেও তিনি ব্যস্ত। এসবের ফাঁকে চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর চোখ খুঁজে ফিরছে এক কিশোরী নাইমাকে। গ্লিটজের সঙ্গে আলাপে জানালেন সে সমস্ত খবর।
গল্পটা শহরের কিন্তু শ্যুটিং হচ্ছে গ্রামে। গল্পটার নাম ‘ঢাকা মেট্রো গ-৯১০৬’। ওয়েব সিরিজ হয়ে দর্শকের কাছে তা ধরা দেবে অমিতাভ রেজা চৌধুরী’র নির্মাণে। দিনাজপুর, রংপুরের বেশকিছু গ্রামে ক্যাম্প ফেলেছিলেন নির্মাতা।
তিনজন মানুষের ভ্রমণের গল্প নিয়ে নির্মিতব্য ওয়েব সিরিজটিতে চরিত্রগুলো রুপায়ণ করছেন অপি করিম, নিভেল ও শরিফুল ইসলাম। গেলো বছরের ১৬ থেকে ২৮ ডিসেম্বর শ্যুটিং হয় সিরিজটির।
কেমন গাড়ি ‘ঢাকা মেট্রো গ-৯১০৬’?
নির্মাতা অমিতাভ রেজা বললেন, “এটা আমার অনেক পুরনো গল্প। ঢাকা শহর নিয়ে আমার যে হতাশা, আমাদের প্রতিদিনকার অসমতা সেগুলোকেই এতে দেখানো হবে।
শহরের গল্প কিন্তু শ্যুটিং হচ্ছে গ্রামে, কারণ গ্রামের ওই তিন চরিত্রের মাধ্যমেই ঢাকাকে দেখাবো আমরা।
ঢাকা শহরে আমার ইতিমধ্যে ৩৫ শতাংশ নির্মাণ সম্পন্ন হয়েছে। অচিরেই বাকি অংশের শ্যুটিং শেষে পহেলা বৈশাখে মুক্তি পাবে এটি।”
পহেলা বৈশাখে ‘আয়নাবাজি’ নির্মাতার ভক্তদের জন্য উপহার হয়ে আসছে ১০ পর্বের ওয়েব সিরিজটি।
পরবর্তী শ্যুটিংয়ে যাওয়ার আগে অমিতাভ রেজা ব্যস্ত সেই পুরনো পেশায়- বিজ্ঞাপন নির্মাণ।
জানালেন, বছরের শুরুটা বিজ্ঞাপনের জন্য খুব গুরুত্বপূর্ণ সময়। তাই বিজ্ঞাপনেই মন দিয়েছেন এখন। পাশপাশি চলছে শিক্ষকতার কাজও।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়মিত ক্লাস নিচ্ছেন। বললেন, “এ বছর আমার সেরা প্রাপ্তি আমার ছাত্ররা। খুব এনজয় করছি এ কাজটিতে।”
শিক্ষক হিসেবে যোগদানের পর অমিতাভ রেজা তার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, “সিনেমা বানানো থেকে সিনেমা নিয়ে কথা বলতেই বেশি ভালো লাগে।”
তারই সত্যতা মিললো তার কথায়। তবে কি পরবর্তী ছবি ‘রিকশা গার্ল’- এর বারোটা বাজলো?
দীর্ঘদিন বিজ্ঞাপন নির্মাণের পর প্রথম সিনেমাতেই বাজিমাত। তাই বলে, সাফল্যের উত্তেজনা একদমই নেই তার কণ্ঠে।
বললেন, “আমার অতো তাড়া নাই। তাড়াহুড়ো করতেও চাই না।” জীবনানন্দের ‘ঊনিশশো চৌত্রিশের’ সেই পংক্তি-‘আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না’র মতোই যেন শোনালো তার কথা।
তাড়াহুড়ো নেই, চিত্রনাট্যের কাজ চলছে। চলতি মাসেই শেষ হওয়ার কথা আছে চিত্রনাট্যের। তারপর নিজেই লিখতে বসবেন। মার্চে চিত্রনাট্য সম্পন্ন হলে এপ্রিলেই কাস্টিং।
‘রিকশা গার্ল’ চলচ্চিত্রের প্রধান চরিত্রে দেখা যাবে নাইমা নামের এক কিশোরীকে। চিত্রনাট্যের পাশাপাশি অমিতাভের চোখ খুঁজছে সেই নাইমা কে। কেমন হবে সেই রিকশা গার্ল?
অমিতাভ বললেন, “১৫-১৬ বছরের কেউ। গার্মেন্টস এর খেটে খাওয়া নারী শ্রমিকদের মুখের দিকে তাকালে মাঝে মাঝে আমরা হয়তো এমন কাউকে খুঁজে পাবো যার মুখটা একটু বুদ্ধিদীপ্ত, একটু অন্যরকম আলো।
দরকার দুরন্ত ও চটপটে এক বাঙালি মেয়ে। খুব এনার্জেটিক হতে হবে তাকে। কেননা সিনেমায় রিক্শা চালাতে হবে তাকে। আমরা তাকে ট্রেইন করে নিবো।”
১০০ বছরের সেরা ১০০টি কিশোর উপন্যাসের মধ্যে একটি ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’।
এ গল্প অবলম্বনেই তৈরি করতে যাচ্ছেন তার নতুন সিনেমা। ৩০দিনেই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটির শ্যুটিং শেষ করার ইচ্ছা তার।
তবে, তারও আগে দু’টি স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করবেন তিনি। আইফ্লিক্স-এর প্রযোজনায় তার সঙ্গে আরও দু’টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবেন আবু শাহেদ ইমন ও গুণী নির্মাতা নুরুল আলম আতিক।
